ঝড় পেরিয়ে বড় জয় শাইনপুকুর-গাজী গ্রুপের

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ পিএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ১০ রাউন্ডের শেষ দিনে ঝড়ের বাধায় কমে আসা দৈর্ঘে্যর ম্যাচে বড় জয় পেয়েছে শাইনপুকুর ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৫ রানের জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে জয় তুলে নেয় শাইনপুকুর। এ জয়ে ১৪ পয়েন্ট টেবিলের তিনে থাকা শাইনপুকুর সুপার লিগে খেলা নিশ্চিত করলো। জাতীয় টেস্ট দলে অভিষেক হওয়া নাহিদ রানার ৫ উইকেট শিকারের পর মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস ও আবু হায়দার রনির ফিফটিতে ৯ উইকেটে ২১৪ রান করে মোহামেডান। ঝড় শেষে শাইনপুকুরের সামনে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৩০ ওভারে ১৫৮ রানের। ৪ উইকেট হারিয়েই তা ছুঁয়ে ফেলেন আকবর-ইরফান-তানজিদরা। তানজিদ ৩৬, মার্শাল আইয়ুব ৩০, আকবর আলী অপরাজিত ২৭ রান করেন।

বিকেএসপির ৪ নম্বর মাঠে হাবিবুর রহমান সোহানের ঝড়ো ৮১, সাব্বির হোসেন শিকদারের ৭৪, আনিসুল ইসলাম ইমনের ৬৫ ও আল আমিন জুনিয়রের ৬৪ রানের কল্যাণে ৭ উইকেটে ৩৪৪ রানের বড় সংগ্রহ পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। বৃষ্টিবাধায় ব্রাদার্সের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ৩০৯ রান। সেই পথে ১৭৮ রানেই গুটিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। গাজী গ্রুপের আবদুল গাফফার সাকলাইন শিকার করেন ৪ উইকেট। ১৩০ রানের বড় ব্যবধানে জয় পায় গাজী গ্রুপ।

এ জয়ে টেবিলে সাতে থাকা গাজী গ্রুপের পয়েন্ট পাঁচ ও ছয়ে থাকা প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অফ রূপগঞ্জের সমান ১২। প্রাইম ব্যাংকের নেট রানরেট ০.৪১৪, লিজেন্ডসের ০.২৮৮ ও গাজী গ্রুপের ০.২৫৩। শেষ রাউন্ডে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ গাজী টায়ার্স, গাজী গ্রুপ খেলবে সিটি ক্লাবের বিপক্ষে। অন্যদিকে লিজেন্ডসের শেষ ম্যাচ দারুণ ছন্দে থাকা শাইনপুকুরের বিপক্ষে।   

বিকেএসপির ৩ নম্বর মাঠে শামসুর রহমান শুভর সেঞ্চুরি ও আবদুল্লাহ আল মামুনের ৮১ রানে ৮ উইকেটে ২৯৭ রান করে রূপগঞ্জ টাইগার্স। ৪১ ওভারে ২৬৬ রানের পরিবর্তিত লক্ষ্য তাড়ায় সিটি ক্লাবের ইনিংস থামে ৮ উইকেটে ২৬০ রানে। সাজ্জাদুল হক রিপন অপরাজিত ৬৯ ও শাহরিয়ার কমল ৬৫ রান করেন। আরাফাত সানি জুনিয়র ৮ ওভারে ৩২ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে জয় নিশ্চিত করেন রূপগঞ্জের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত