বাংলাদেশ জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী লেগ স্পিনার মুশতাক আহমেদ। জিম্বাবুয়ে সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
বিসিবি এক বার্তায় তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ১ জুন বসবে টি-২০ বিশ্বকাপের আসর। ওই টুর্নামেন্ট পর্যন্ত দলের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন তিনি ৫৪ বছর বয়সী মুশতাক।
নতুন দায়িত্ব নিয়ে মুশতাক আহমেদ বলেন, 'স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারাটা আমার জন্য অনেক গর্বের। আমি এই ভূমিকার জন্য উন্মুখ এবং আমার অভিজ্ঞতা খেলোয়াড়দের দিতে চাই কারণ তারা খুব কোচযোগ্য এবং আমি সবসময় বিশ্বাস করি যে তারা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দলগুলির মধ্যে একটি।'
তিনি যোগ করেছেন, 'তারা যে কাউকে হারাতে পারে। কারণ তাদের সামর্থ্য, সম্পদ ও প্রতিভা আছে। আমি তাদের মধ্যে সেই বিশ্বাস স্থাপন করার চেষ্টা করব। এই দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত।'
পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপের অন্যতম নায়ক মুশতাক স্পিন বোলিং কোচ হিসেবে বেশ অভিজ্ঞ। এর আগে ২০০৮-২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে ছিলেন ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত। এছাড়া পাকিস্তান জাতীয় দলের হয়ে ২০২০-২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এই লেগি। দুই বছর পাকিস্তান দলের স্পিন বোলিং পরামর্শকও ছিলেন তিনি।
১৯৯০ থেকে ২০০৩ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৫২ টেস্ট ও ১৪৪ ওয়ানডেত ৩৪৬ উইকেট নিয়েছেন মুশতাক। ৩০৯ ফার্স্ট ক্লাস ক্রিকেটের ক্যারিয়ারে তার শিকার ১৪০৭।
