নিরাপরাধ মানুষ সরকারের নিপীড়নের শিকার হচ্ছে: ফখরুল

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৪২ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া, গ্রেপ্তার হওয়া ও কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। আইনের শাসনহীন এই দেশে নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন।’

আজ মঙ্গলবার বিকেলে দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

গতকাল রাজধানীর হাজারীবাগ থানার দুটি মামলায় সাজাপ্রাপ্ত থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১৫ জন এবং বংশাল থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত ছয়জন নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি দেন মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘৭ জানুয়ারির আওয়ামী ডামি সরকারের মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় জুলুম-অত্যাচার অব্যাহত রেখেছে। সেটিরই ধারাবাহিকতায় মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে দিশাহারা। এমন পরিস্থিতিতে দখলদার আওয়ামী সরকার বিএনপিসহ বিরোধী দলের শীর্ষ নেতারাসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের নিত্য-নতুন মিথ্যা মামলায় আটকসহ আদালতকে দিয়ে সাজা প্রদান করছে। এ ছাড়া জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতাসীনদের নির্মম আচরণ, দৌরাত্ম্য এবং দাপটে মানুষ এখন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছে।’

বিবৃতিতে উল্লিখিত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, সাজা বাতিল এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

এ ছাড়া পৃথক বিবৃতিতে মহানগর নেতাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু। একইসঙ্গে তারা অবিলম্বে নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, সাজা বাতিল এবং নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত