অ্যাথেন্স সম্মেলন

সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৫০ এএম

দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সবার সম্মিলিত প্রয়াস গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অনুষ্ঠিত ‘নবম আওয়ার ওশান কনফারেন্সে’  এই আহ্বান জানান তিনি।

গত ১৫ এপ্রিল শুরু হওয়া এ সম্মেলনের সমাপনী দিন গতকাল বুধবার স্থানীয় সময় সকালে সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা থিমভিত্তিক পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় এ আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পরিবেশবিদ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা এমন হওয়া কাম্য যাতে করে সমুদ্র উপকূলে বসবাসকারী মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় থাকে। মানুষের একমাত্র আবাস পৃথিবী গ্রহকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমুদ্র ও সামুদ্রিক সম্পদের দায়িত্বশীল ও সযত্ন ব্যবহার একান্ত প্রয়োজন।

পররাষ্ট্রমন্ত্রী এ সময় তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আর্থসামাজিক উন্নয়নে টেকসই সমুদ্র ব্যবস্থাপনা এবং সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে গৃহীত নানা উদ্যোগের কথাও তুলে ধরেন। বিশ্বের দেশগুলোর জাতীয় সীমার বাইরের জীববৈচিত্র্য সংরক্ষণ, বাস্তুতন্ত্রের সার্বিক উন্নয়ন এবং গ্রিন শিপিং বা পরিবেশবান্ধব নৌপরিবহন, যা তুলনামূলকভাবে পরিবেশের ক্ষতি কম করে, এমন ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন দেশ প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছিল, যা এখনো বাস্তবায়িত হয়নি বলে স্মরণ করিয়ে দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান জাতীয় সীমাবহির্ভূত জীববৈচিত্র্য সংরক্ষণ-বিবিএনজে চুক্তিটি সব রাষ্ট্রকে ‘র‌্যাটিফাই’ করা এবং মহাসাগরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে তহবিল বরাদ্দের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। অন্যদের মধ্যে স্বাগতিক দেশ গ্রিস, কোস্টারিকা, কেপ ভার্দে, সাও টোমে এবং প্রিন্সেপের পররাষ্ট্রমন্ত্রীরা প্যানেল আলোচনায় বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত