দৈনিক খবরের কাগজের সম্পাদক ও প্রখ্যাত সাহিত্যিক মোস্তফা কামালের বাবা মোহাম্মদ হোসেন হাওলাদার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার সকাল ৯টায় তিনি রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
১৯৩০ সালে বরিশালের মেহেন্দিগঞ্জে আন্ধারমানিক গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ হোসেন হাওলাদার। পেশায় শিক্ষক ছিলেন। অবসর জীবনে তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। তিনি স্ত্রী সুফিয়া বেগম (৮৫), ছেলে ইউসুফ আলী, মোস্তফা কামাল এবং একমাত্র মেয়ে ফারহানা হোসেনসহ ভাই-বোন, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বড় ছেলে ইসমাইল হোসেনের মৃত্যু হয় ৬৩ বছর বয়সে।
গতকাল বেলা সাড়ে ১১টায় উত্তরা ১১ নম্বর সেক্টরের কেন্দ্রীয় মসজিদে মোহাম্মদ হোসেন হাওলাদারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ বরিশালে গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক শুভাকাক্সক্ষী অংশ নেন।
মোহাম্মদ হোসেন হাওলাদারের মৃত্যুতে খবরের কাগজ পরিবারসহ বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিরা শোক জানিয়েছেন। আলাদা আলাদা শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ড. শাম্মী আহমেদ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ আরও অনেকে।
