'রিয়াল মাদ্রিদ কখনো মরে না' মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি কথাটা বলেছেন গতকাল ইতিহাদে ম্যাচ শেষ হওয়ার পর। তবে খেলা শুরুর আগে রিয়ালের সম্ভাবনা দেখেননি অনেকেই।
গতকালকের আগে ইতিহাদে রিয়াল সিটিকে হারাতে পারেনি। পরিসংখ্যানের চোখ রাঙানিতে রিয়ালের সমর্থকেরাও হয়তো তেমন আশা দেখেননি। কিন্তু চ্যাম্পিয়নস লিগে রিয়াল ১৪বার শিরোপা তো আর এমনি এমনি জেতেনি।
সব শঙ্কা দূর করে টাইব্রেকারে সিটিকে ৪-৩ এ হারিয়ে রিয়ালই উঠল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। জয়ের পর আনচেলত্তি বলেন, 'সবাই ভেবেছিল আমরা শেষ, কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো মরে না।'
রিয়ালের জয়ের পেছনে মূল হিসেবে কাজ করেছে প্রেরণা। আনচেলত্তি বলেন, 'আমি অনেকবারই রিয়াল মাদ্রিদকে এটা (অসম্ভব জায়গা থেকে জয়) করতে দেখেছি। এটার কারণ বোধ হয় (রিয়ালের) ব্যাজটা। এটা আপনার ভেতর থেকে এমন কিছু বের করে আনবে, যেটা আপনি নিজেই জানতেন না যে আপনার ছিল! টাইব্রেকারে বুঝে গিয়েছিলাম যে আমরাই যাচ্ছি (সেমিফাইনালে)। আন্দ্রে লুনিন দারুণ একটা ম্যাচ খেলেছে।'
সুযোগ কাজে লাগানো ছাড়া উপায় নেই সিটির বিপক্ষে জয়ের তা ভালোই জানতেন আনচেলত্তি। বলেন, 'এখান (ইতিহাদ) থেকে বেঁচে ফেরার একটাই উপায়, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমরা সেটা করেছি এরপর রক্ষণভাগ ভালোভাবে সামলেছি। সিটির বিপক্ষে এটা ছাড়া আর কোনো পথ নেই।'
