এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম চার ম্যাচেই জয়ের দেখা পেয়েছিল লিজেন্ডস অফ রূপগঞ্জ। এরপর লিগের বড় দলগুলোর কাছে চার ম্যাচ হেরে নিজেদের অবস্থান পাল্টে ফেলে ক্লাবটি। তবুও সুপার লিগে ওঠার দাবীদার ছিল তারা। প্রথম পর্বের শেষ ম্যাচে এবার শাইনপুকুরের কাছে ৬৭ রানে হেরে সেই স্বপ্নে জলাঞ্জলি দিতে হচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার দলটিকে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লিজেন্ডস। তানজিদ হাসান তামিম দ্রুত ফিরে গেলেও টপ অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে সে ধাক্কা সামলে নেয় শাইনপুকুর। এর পর ইরফান শুক্কুরের অপরাজিত সেঞ্চুরিতে বোর্ডে ২৫৬ রান জড়ো করে তারা।
ইরফান অপরাজিত থাকেন ১০৬ রানে। জিশান আলম ৪২, মার্শাল আইয়ুব ৩৫ ও খালিদ হাসান ৩২ রান করেন। এদিন একটি উইকেট পান মাশরাফী। জবাবে শুরু থেকেই উইকেট খোঁয়াতে থাকে লিজেন্ডস। আগের ম্যাচে ৫ উইকেট পাওয়া নাহিদ রানা শিকার করেন ৩ উইকেট। দুই স্পিনার রিশাদ হোসেন ও নাইম ইসলাম পান জোড়া উইকেট।
শেষ দিকে প্রতিরোধ গড়েন পেসার আবদুল হালিম। তুলে নেন ফিফটি। ৯২ রানে ৮ উইকেট হারানো লিজেন্ডসের ইনিংসটিকে অনেক দূর টেনে নেন তিনি। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ১৮৯ রানে থামে লিজেন্ডসের ইনিংস। সর্বোচ্চ অপরাজিত ৬০ রান আসে হালিমের ব্যাটে। ৩৪ রান করেন আমিনুল ইসলাম বিপ্লব।
এবারের লিগে চমক দেখানো শাইনপুকুর শেষ ৫ ম্যাচের সবকটিতে জিতে উঠে এসেছে টেবিলের দুইয়ে। তাদের পয়েন্ট ১৬। প্রথম পর্ব শেষে লিজেন্ডস অফ রূপগঞ্জের সংগ্রহ ১২ পয়েন্ট। তবে নেট রানরেটের হিসাবে টেবিলের সাতে নেমে গেছে তারা। আগামীকাল সিটি ক্লাব-গাজী গ্রুপ ম্যাচের উপর ঝুলে আছে লিজেন্ডসের সুপার লিগ ভাগ্য। গাজী গ্রুপ অনেক বড় ব্যবধানে না হারলে শেষ দল হিসেবে তারাই উঠবে সুপার লিগে।
