নাটোর

অপহরণের ঘটনায় চেয়ারম্যান প্রার্থীকে নোটিশ ইসির

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৩৯ পিএম

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণের ঘটনায় আলোচিত প্রার্থী লুৎফুল হাবীব রুবেলকে নির্বাচন কমিশন কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নোটিশ থেকে এ তথ্য জানা যায়।

এর আগে বুধবার (১৭ এপ্রিল) চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনের ছেলে ঢাকায় নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে এ ঘটন আয় রুবেলের প্রার্থিতা বাতিলের দাবি জানায়।

নোটিশে বলা হয়, ‘নাটোরে ৫ ঘণ্টার ব্যবধানে সম্ভাব্য প্রার্থী ও তার ভাইসহ তিনজনকে অপহরণ’ শিরোনামে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছুক দেলোয়ার হোসেন ও তার ভাইসহ তিনজনকে অপহরণের সংবাদ প্রকাশিত হয়। ইতোমধ্যে এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা থেকে প্রতিবেদন পাওয়া গেছে। এ ছাড়া সকল জাতীয় দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ঘটনার প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে। এরূপ ঘটনার জন্য কেন আপনার প্রার্থিতা বাতিল অথবা আপনার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত জবাবসহ নির্বাচন কমিশনে আগামী ২২ এপ্রিল বিকেল ৪টা ১০ মিনিটের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে উল্লিখিত তারিখ ও সময়ে ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'

গত সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকেলে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে কয়েকজন যুবক প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ এবং মারধর করে মুমূর্ষু অবস্থায় দেলোয়ারকে তার গ্রামের বাড়ির সামনে ফেলে যায়। ওই ঘটনায় মামলা করেন দেলোয়ারের ভাই মজিবুর রহমান। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অধিকাংশ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মী। তারা সকলেই আইসিটি প্রতিমন্ত্রী পলকের শ্যালক ও চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীব রুবেলের আপনজন। দেলোয়ার বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত