আইপিএলে মোস্তাফিজুর রহমানসহ দলের বাকি সব বোলারদের বাজে দিনে হার দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। লখনৌর মাঠে তাদের কাছেই ৮ উইকেটে হেরেছেন মোস্তাফিজরা।
আগে ব্যাটিং করে রবীন্দ্র জাদেজার ফিফটি ও মাহেন্দ্র সিং ধোনির ৩১১ স্ট্রাইকরেটে ৯ বলে ২৮ রানের বিধ্বংসী ইনিংসে ১৭৬ রান তোলে চেন্নাই। জবাবে লোকেশ রাহুল ও কুইন্টন ডি ককের ১৩৪ রানের উদ্বোধনী জুটিতে ম্যাচ থেকে ছিটকে পড়ে চেন্নাই।
ওই জুটি ভাঙেন ১৫তম ওভারে এসে মোস্তাফিজ। তবে খরুচে ছিলেন এদিন। ৪ ওভারে দিয়েছেন দলের সর্বোচ্চ ৪৩ রান। ডি কক ৫৪ রানে ফেরেন। তবে রাহুল খেলেন ৮২ রানের ইনিংস। তাকে ফেরান পাথিরানা। ৪ ওভারে তিনি দেন ২৯ রান।
বাকি পথ সহজেই পাড়ি দেয় লখনৌ সুপার জায়ান্টস। ৬ বল হাতে রেখে ৮ উইকেটে ম্যাচ জিতে টেবিলের পাঁচে তারা। সমান ৮ পয়েন্ট হলেও নেট রানরেটে তিনে অবস্থান চেন্নাইয়ের।
দেশে ফেরার আগে ২৩ এপ্রিল, ২৮ এপ্রিল ও ১ মে আরও তিনটি ম্যাচ পাবেন মোস্তাফিজ। পরের ম্যাচ একই প্রতিপক্ষ লখনৌর সঙ্গেই, তবে এবার ঘরের মাঠে।
