মেজর লিগ সকারে নিজেদের মাঠ চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় গতকাল ভোরে খেলা শুরু হতে না হতেই বিপদে পড়েছিল ইন্টার মায়ামি। ম্যাচের দুই মিনিটে নিজেদের জালে বল পাঠান চোটে পড়া আলবার জায়গায় খেলতে নামা আর্জেন্টাইন ডিফেন্ডার ফ্রাঙ্কো নেগ্রি। তবে ন্যাশভিলের সফলতা ওইটুকুই। পরের গল্পটা লিওনেল মেসির। আর্জেন্টাইন কিংবদন্তি করেছেন জোড়া গোল। দলের তৃতীয় গোলেও অবদান তার। মায়ামি ৩-১ গোলে হারায় ন্যাশভিলকে।
মৌসুমে ৭ গোল নিয়ে লিগের গোল স্কোরারদের তালিকায় এখন সবার ওপরে মেসি। এছাড়া অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। ২০১৬ সালের পর প্রথমবার কোনো ফুটবলার এমএলএস মৌসুমের প্রথম ছয় ম্যাচেই গোল করতে পারলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে মেসির গোল হলো ৯টি, সহায়তা করেছেন ৮ গোলে।
দ্বিতীয় মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান নেগ্রি। ১১ মিনিটে লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে গতিতে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলে শট নেন মেসি। ন্যাশভিলের গোলকিপার তা ফিরিয়ে দিলে ফিরতি বলে সুয়ারেজ আবার পাস দেন মেসিকে। এবার জালে বল পাঠাতে ভুল করেননি মেসি। ৩৯ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন সার্জিও বুসকেটস।
এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে গোলের চেষ্টা অব্যাহত রাখে দুই দলই। ন্যাশভিলের বেশ কয়েকটি ভালো আক্রমণ রুখে দেন মায়ামি গোলকিপার ক্যালেন্ডার। ৮০ মিনিটে ন্যাশভিল ডিফেন্ডার জস বুয়ের মায়ামির লিওনার্দো আলফোনসোকে ফাউল করলে পেনাল্টি পায় মায়ামি। স্পটকিক থেকে বল জালে পাঠান মেসি।
ম্যাচের পর মায়ামি কোচ মার্তিনো বলেন, ‘তাদের গোলটি হয়েছে ভাগ্যের জোরে, তবু বলব আমরা শুরুর দিকে ভালো খেলিনি। তারা আমাদের চাপে রাখার চেষ্টা করেছে। আমাদের এখনো অনেক কিছু ঠিক রাখতে হবে। তবে পুরো স্কোয়াডকে একসঙ্গে পেলেই বিষয়গুলো নিয়ে কাজ করব।’
মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর ন্যাশভিলের সঙ্গে পঞ্চম ম্যাচ খেলে তৃতীয় জয় পেলো ফ্লোরিডার ক্লাবটি।
এই জয়ের পর মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই মেসিরা। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিউ ইয়র্ক রেড বুলসের। আগামী শনিবার নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ মায়ামির।
