গেল বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলেছিল ম্যানচেস্টার সিটি। টাইব্রেকারে হেরে বিদায় নেয় সিটি। এরপরই শনিবার এফএ কাপের সেমিফাইনালে চেলসির মুখোমুখি হয়েছে ম্যানসিটি। ম্যাচটি সিটি জিতেছে ১-০ গোলে। দল ফাইনালে ওঠার পর ক্ষোভ ঝেড়েছেন কোচ পেপ গার্দিওলা। আর তার ক্ষোভের কারণ ব্যস্ত সূচি।
ওয়েম্বলি স্টেডিয়ামে ৮৪ মিনিটে জোরালো শটে বল জালে জড়িয়ে সিটিকে উচ্ছ্বাসে ভাসান পর্তুগিজ উইঙ্গার বার্নার্দো সিলভা। এরপর প্রিমিয়ার লিগের ম্যাচে বৃহস্পতিবার ব্রাইটন ও রবিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচ আছে গতবারের ট্রেবলজয়ীদের।
গার্দিওলা বলেন, ‘আজ (পড়ুন শনিবার) আমাদের খেলতে নামানোটা পুরোপুরি অগ্রহণযোগ্য। খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য এটা অসম্ভব। স্বাভাবিক কিছু নয় এটা। মেনে নেওয়ার মতো নয়। আমি জানি, এই দেশে বিষয়টি একটু আলাদা (এফএ কাপের কারণে)। তবে খেলোয়াড়দের শরীরের কথা তো ভাবতে হবে। জানি না, আজ আমরা কীভাবে উতরে গেলাম।’
চ্যাম্পিয়নস লিগের ম্যাচের পর দুই দিন বিরতি দিয়েই আরও একটি বড় ম্যাচ খেলতে হয়েছে সিটিকে। এ কারণেই মূলত খেপেছেন গার্দিওলা। এফএ কাপের অপর ফাইনালে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেড খেলে কভেন্ট্রির বিপক্ষে। গার্দিওলার মতে সিটির ম্যাচটি পরদিন দিয়ে আগে ম্যানইউর ম্যাচ দেওয়া যেত। গার্দিওলা বলেন, ‘আমাদের ম্যাচ পরে (রবিবার) কেন রাখা হলো না? চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, কভেন্ট্রি সিটি, কোনো দলকেই তো সপ্তাহের মধ্যে খেলতে হয়নি। বুধবার ১২০ মিনিট খেলার পর ছেলেরা আবার যেভাবে খেলেছে, আমার দেখা কোনো এক দল ফুটবলারের সেরা প্রদর্শনী এটি। তবে আমি চাই স্রেফ আমার খেলোয়াড়দের সুরক্ষা দিতে। স্বাভাবিক বিষয় এটি। কোনো বিশেষ কিছু বা বাড়তি কিছুর দাবি তো করছি না।’
