নেত্রকোণার আটপাড়ার সুতারপুর গ্রামে আট বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার রবিকুল ভূইয়ার ছেলে মো. রাব্বী ভূইয়ার(২৩) বিরুদ্ধে। গতকাল রবিবার সকালে ওই শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়া সময় অভিযুক্ত রাব্বী জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ভুক্তভোগী পরিবারের দাবি, থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
অভিযোগে জানা গেছে, নেত্রকোনার আটপাড়া উপজেলার বখাটে রাব্বী ওই শিশু শিক্ষার্থীকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে প্রায় সময়ই উত্যক্ত করত। রবিবার মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে গ্রামের একটি নির্মানাধীন ভবনে নিয়ে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে রাব্বী তাকে রেখে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় শিশুটিকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ সোমবার আটপড়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে থানার সেকেন্ড অফিসার এসআই গৌতম বলেন, স্যার ছুটিতে আছেন। শিশু ধর্ষণের বিষয়ে থানায় কেউ আসেনি।
