ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মো. হাসান (২৩)। তিনি উপজেলার কাইমপুর ইউনিয়নের কাইমপুর গ্রামের জারু মিয়ার ছেলে। হাসান পেশায় একজন কৃষক। তার স্ত্রী ও চার মাস বয়সী ছেলে রয়েছে।
স্থানীয় সুলতানপুর ৬০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক (সিও) জাবেদ বিন জব্বার বলেন, সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি বিএসএফকে অবহিত করে পতাকা বৈঠকের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হবে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ, বিজিবি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকালে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকায় ভারত সীমান্তের ২০৫০ পিলার এলাকায় শূন্যরেখায় যান হাসানসহ কয়েকজন। এ সময় ভারতের ওই এলাকার ৩ নম্বর গেট দিয়ে বের হয়ে এসে বিএসএফের এক সদস্য গুলি করেন। এতে হাসান গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান।
হাসানের বাবা জারু মিয়া বলেন, তার পাঁচ ছেলের মধ্যে হাসান সবার ছোট। সকালে বন্ধুদের সঙ্গে ভারত সীমান্তে গিয়েছিল। সেখানে বিএসএফের গুলিতে মারা গেছে।
