অধিনায়ক হিসেবে ইতালিকে ২০০৬ সালে জিতিয়েছেন বিশ্বকাপ শিরোপা। ডিফেন্ডার হিসেবে সবশেষ ব্যালন ডি'অর জিতেছিলেন ফ্যাবিও ক্যানাভারো একই বছরে।
ক্যানাভারো রক্ষণে ছিলেন দুর্দান্ত। তবে এবার আর শুধু রক্ষণে প্রতিপক্ষের আক্রমণ নয়, ক্যানাভারোকে বাঁচাতে হবে গোটা দলকে রেলিগেশনের হাত থেকে। ২৮ পয়েন্ট নিয়ে ইতালিয়ান লিগে ১৭তম স্থানে আছে উদিনেসে। অবনমন অঞ্চলে থাকা ফ্রসিনোনের চেয়ে শুধু গোল ব্যবধানে এগিয়ে আছে তারা। উদিনেসের বাকি আছে আর ৫ ম্যাচ।
এই শেষের আগেই উদিনেসে দলের দায়িত্ব নিলেন ক্যানাভারো। উদিনেসে তাদের ওয়েবসাইটে বিবৃতিতে জানায়, 'উদিনেসে বিশ্বচ্যাম্পিয়ন ও ২০০৬ সালের ব্যালন ডি'অর জয়ীকে ক্লাবে স্বাগতম জানাচ্ছে, যিনি (ফ্যাবিও ক্যানাভারো) আমাদের এই মৌসুমে নেতৃত্ব দেবেন, যতদিন না মৌসুম শেষ হয়।'
গতকালই সিরি'আ শিরোপা নিশ্চিত করেছে ইন্তার মিলান। তবে অবনমনের লড়াই এখনো শেষ হয়নি।
আপাতত ক্যানাভারোর সামনে নাপোলি বাদে আর বড় কোনো প্রতিপক্ষ নেই। পরের পাঁচ ম্যাচে উদিনেসের প্রতিপক্ষ বোলোনা, নাপোলি, লেস, এম্পোলি ও ফ্রোসিনোনে। ২০ দলের ইতালিয়ান লিগে পয়েন্ট টেবিলের শেষ তিনটি ক্লাব দ্বিতীয় বিভাগে নেমে যায়।
পাঁচ ম্যাচের আগে রোমার বিপক্ষে ১৮ মিনিটের এক ম্যাচ শেষ করতে হবে উদিনেসের। রোমার খেলোয়াড় ইভান এনডিকা হৃদরোগে আক্রান্ত হলে খেলা বন্ধ হয়ে যায়। সেই ম্যাচটাই আগে শেষ করা হবে।
গত শনিবার ভেরোনার কাছে ১-০ গোলে হারের পর কোচ সিওফিকে বরখাস্ত করে উদিনেসে।
৫০ বছর বয়সী ক্যানাভারো এর আগে চীনের কোচ ছিলেন। সৌদি আরবের ক্লাব আল নাসর, ইতালির ক্লাব নেবেভেন্তোরও কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
