লিভারপুল নয়, ওয়েস্টহ্যামের মালিকের বিমানে আমোরিম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ পিএম

স্পোর্তিং লিসবনের কোচ রুবেন আমোরিমকে ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত করছে লিভারপুল। এমন গুঞ্জনের মাঝে রুবেন উঠেছিলেন ওয়েস্টহ্যাম মালিকের বিমানে। নতুন খবর, তিনি আসতে পারেন পূর্ব লন্ডনের ক্লাবটিতে। সে বিষয়ে আলোচনা করতে সোমবার নাকি লন্ডনে এসেছিলেন সেই বিমানে চড়ে।

লন্ডন থেকে আজ পর্তুগালে ফিরেও গেছেন আমোরিম। বিমানবন্দরে সাংবাদিকরা তাকে ঘিরেও ধরেছিলেন। তবে এ সংক্রান্ত প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

সিএনএন পর্তুগাল জানিয়েছে, ওয়েস্ট হাম মালিকের পাঠানো বিমানে লন্ডনে উড়াল দিয়েছেন আমোরিম। ৩৯ বছর বয়সী আমোরিম বিমানে উঠতে যাচ্ছেন—এমন ছবিও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সোমবার স্পোর্তিংয়ের অনুশীলন শেষে ব্যবসায়ী রাউল কস্তার সঙ্গী হয়েই পর্তুগাল ছেড়েছেন আমোরিম।

লন্ডনে অবতরণের পর। ছবি: এক্স

এর আগে পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছিল, লিভারপুলের কোচ হতে রাজি হয়ে গেছেন আমোরিম। তবে লিভারপুল সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে জানিয়েছিল সম্ভাব্য কোচদের সংক্ষিপ্ত তালিকাতেই শুধু আমোরিমের নাম রেখেছে তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল সোমবার রাতে জানিয়েছে, বর্তমান কোচ ডেভিড ময়েসের সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না ওয়েস্ট হাম। তার উত্তরসূরি হিসেবেই স্পোর্তিং লিসবনের কোচের দিকে হাত বাড়িয়েছে ক্লাবটি।

ফেরার পথে বিমানবন্দরে। ছবি: এক্স

অথচ ক্লপের উত্তরসূরি হিসেবেই রুবেন আমোরিমের নামটা আলোচনায় এসেছে। জাভি আলোনসো বায়ার লেভারকুসেনেই থেকে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই পর্তুগিজ কোচের নামটা শোনা যাচ্ছিল। লা লিগা ক্লাব বার্সেলোনাও আমোরিমকে চাইছে—এমন খবরও শোনা গিয়েছিল। ডেইলি মেইল জানাচ্ছে, শুধু আমোরিমই নয়, উলভারহ্যাম্পটনের কোচ হুলেন লোপেতেগির দিকেও চোখ রাখছে ওয়েস্ট হাম।

স্পোর্তিংয়ে আমোরিমের চুক্তি শেষ হবে ২০২৬ সালের জুনে। ২০২০ সালের মার্চে দায়িত্ব নেওয়ার পর একটি লিগ জিতেছে আমোরিমের স্পোর্তিং। চলতি মৌসুমেও চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে দলটি। ৩৪ ম্যাচের লিগে ৩০ ম্যাচ শেষে নিকট প্রতিদ্বন্দ্বী বেনফিকার চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে আছে স্পোর্তিং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত