মা আগে থেকেই চাইতেন গানটা যেন করি

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১১:২৪ এএম

আমার মা বরাবরই বলতেন গানটা যেন আমি করি। সেটা হয়ে উঠছিল না। তবে গান গাওয়ার ইচ্ছেটা আমার ছিল। আমি একটা অপেক্ষায় ছিলাম। একটা যথাযথ সুযোগের অপেক্ষা, অবশেষে সেটা হয়ে গেল। ইত্যাদিতে গাইলাম। মানুষ আমার গান নিয়ে কথা বলছে, বেশ ভালো লাগছে বলছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যিনি এবারের ঈদের ইত্যাদিতে কণ্ঠশিল্পী হিসেবে অভিষিক্ত হলেন। দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে জানালেন, এই এক গানে তিনি ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন। আজ ‘রঙে রঙে রঙিন হব’ সামাজিকমাধ্যম জুড়ে দখল করেছে।

জানালেন, বরাবরই মা ফারিণকে গাইতে বলতেন। এবার সত্যিই আনুষ্ঠানিকভাবে গান গাওয়ায় মা বেশ খুশি হয়েছেন। এমনটাই জানিয়ে ফারিণ বলছেন, ‘আমি আসলে ছোটবেলা থেকেই গান শিখছি। টানা ১০ বছর গানের চর্চা করেছি, তালিম নিয়েছি। ফলে আমার পরিবার থেকেই গান গাওয়ার বিষয়ে এক ধরনের চাপ বলব না, আমার কাছে তাদের আবদার ছিল। যেহেতু আনুষ্ঠানিকভাবে গান গাইলাম তাই সবাই খুশি হবে স্বাভাবিক। আমার মা বেশি খুশি কারণ তিনি অনেক আগে থেকে চাচ্ছিলেন।

অভিনয়ের পাশাপাশি এখন থেকে গানও করবেন। গানের অনুশীলন নিয়মিতই থাকবে জানিয়ে বলেন, এখন আমার মনে হচ্ছে গানটা করা উচিত। তাই আমি নিয়মিতই গান করব। যদিও এখনো কোনো অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বা কোনো ধরনের সংগীত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে গান করার বিষয়ে আলোচনা হয়নি, কিন্তু আমার নিজস্ব পরিকল্পনা রয়েছে। আমি নিজে উদ্যোগী হয়ে কিছু গান করব, তেমন কিছু পরিকল্পনা করেছি।’

গান নিয়ে যে ধরনের প্রতিক্রিয়া পাবেন আশা করছিলেন তার চেয়েও অনেক বেশি প্রতিক্রিয়া পাচ্ছেন, এমনটাই জানালেন অভিনেত্রী। একই সঙ্গে কৃতজ্ঞতাও জানালেন ভক্তদের প্রতি। তাসনিয়া ফারিণ বলেন, যখন এই গানটা তাহসান ভাইয়ার সঙ্গে গাইব, ইমরান ভাইয়া সুর করবেন, লিখেছেন কবির বকুল ভাইয়া; ও হানিফ সংকেত’দার পরিকল্পনা ছিল তখনই ভেবেছিলাম ভালো কিছু হতে যাচ্ছে, আর আমি এমন কিছুই চাচ্ছিলাম যে আমার অভিষেকটা মনে রাখার মতো হোক। ফাইনালি তো হলো।

অবশেষে গাইলেন তাসনিয়া ফারিণ এবং ভক্তরা লুফে নিলেন গান। ফারিণ বললেন, এখন যেখানেই যাচ্ছি সবাই বলছে গানটা ভালো হয়েছে, সবাই গানটা গাইছে; সবাই গান নিয়ে কথা বলছে। রাস্তাঘাটে হোক কিংবা শুটিং সেটে সবখানে এখন আমাকে এই গান নিয়ে কথা বলতে হচ্ছে। এই গান নিয়ে এত এত ভিডিও বানানো হচ্ছে, রিলস টিকটক এসব আমি কল্পনাও করিনি। আমি সত্যিই অভিভূত মানুষের এত এত ভালোবাসা পেয়ে। কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষাও নেই। ফারিণ এই গানের নেপথ্যের সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত