গরমে ক্লান্ত হলে বসতে দেবে সারা, সঙ্গে থাকবে পানি-স্যালাইন

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০১:০৮ পিএম

সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। এরইমধ্যে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে পোশাক বিপণন প্রতিষ্ঠান সারা লাইফস্টাইল। গরমে ক্লান্ত মানুষকে নিজেদের শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে বিশ্রাম নেওয়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। সেইসঙ্গে তাদের জন্য খাবার পানি ও ওরস্যালাইনের ব্যবস্থা রাখার ঘোষণাও দিয়েছে তারা।

এ বিষয়ে স্নোটেক্সের মিডিয়া ও পাবলিক রিলেশন ম্যানেজার এসকে রাহাত অয়ন দেশ রূপান্তরকে বলেন, বর্তমানে যে গরম পড়েছে তা নজিরবিহীন। বাইরে বের হয়ে কেউ যদি ক্লান্ত হয়ে পড়েন এবং আমাদের কোনো শোরুমের আশেপাশে থাকেন তবে তারা নির্দ্বিধায় আসতে পারেন। শীতাতপ নিয়ন্ত্রিত শোরুমে বসতে পারেন; একটু বিশ্রাম নিতে পারেন। 

তিনি আরও বলেন, ঢাকার ভেতরে ৮টি ও ঢাকার বাইরে ৬টি শোরুম রয়েছে সারার। গরমে ক্লান্ত হলে এসব শোরুমে যে কেউই এসে বিশ্রাম নিতে পারেন। মানবিক বিবেচনায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমাদের সকল শাখায় খাবার পানি এবং স্যালাইন পৌঁছে গেছে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, দেশের অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ চলছে। এই তাপমাত্রা আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে সারা লাইফস্টাইলের এই ঘোষণাকে ইতিবাচকভাবে নিচ্ছেন নেটিজেনরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত