প্রচণ্ড গরমে হাঁসফাঁস জনজীবন। এরমধ্যেই ব্যতিক্রমী এক ঘোষণা দিলেন পোশাক বিপণন প্রতিষ্ঠান বিশ্বরঙ এর স্বত্বাধিকারী। প্রচণ্ড গরমে রাস্তায় অপেক্ষা না করে বিশ্বরঙ এর শীতাতপ নিয়ন্ত্রিত শোরুমে বিশ্রাম নিতে বলেছেন তিনি।
গতকাল (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রতিটি বিশ্বরঙ শীতাতপ নিয়ন্ত্রিত, এই প্রচণ্ড গরমে রাস্তায় অপেক্ষা না করে, আপনার পাশে যে কোন বিশ্বরঙ শোরুমে গিয়ে বিশ্রাম নিন। মনে রাখবেন বিশ্বরঙ পরিবার একান্ত আপনারই।’
এ বিষয়ে বিশ্বরঙয়ের স্বত্বাধিকারী ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার সঙ্গে কথা হয় দেশ রূপান্তরের সঙ্গে। তিনি বলেন, নানা কারণেই মানুষকে রাস্তায় অপেক্ষা করতে হয়। প্রচণ্ড গরমে মানুষের বিপর্যস্ত অবস্থা। তাই রাস্তায় দাঁড়িয়ে গরমে কষ্ট না করে আমাদের শোরুমে এসে বিশ্রাম নিতে পারবেন। ঢাকাসহ সারাদেশে বিশ্বরঙয়ের ২২টি শীতাতপ নিয়ন্ত্রিত আউটলেট রয়েছে বলে জানান তিনি।
বিপ্লব সাহা আরও বলেন, আমি চেয়েছি মানুষের জন্য কিছু করতে। এখন দেখলাম অন্য একটি রেস্টুরেন্টও একই ঘোষণা দিয়েছে। পজিটিভিটিটা মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে এটাই আমাদের প্রাপ্তি।
গতকাল ফেসবুকে দেওয়া এই পোস্টে ইতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা। কাজী সানজিদা আকতার সারা নামের এক ব্যক্তি লিখেছেন, ‘ধন্যবাদ। ছোটবেলার কথা মনে পড়ে গেলো। স্কুল থেকে ফেরার পথে একটি দোকানে যেতাম যেটাতে এসি ছিলো। তারাও কিছু বলত না।’
আপন আহসান নামের আরেক ব্যক্তি লিখেছেন, দাদাভাই শোন, একগ্লাস পানি আর কয়েকটা বাতাসা রেখো। (আমরা গ্রামের বাড়িতে মাটির কলসিতে পানি রাখতাম সঙ্গে বাতাসা কিংবা আখের গুড় পথ চলতি মানুষের জন্য।)
