চট্টগ্রাম নগরে ১০ বছরের এক শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে নগরের চান্দগাঁও থানাধীন সিএনবি এলাকা থেকে মো. আফসার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
২২ বছর আগে নগরের চান্দগাঁও থানাধীন কাশেম কলোনি এলাকায় ধর্ষণের ওই ঘটনা ঘটেছিল।
র্যাব-৭ জানায়, ২০০২ সালের ৭ সেপ্টেম্বর অন্য শিশুদের সাথে খেলা করছিল ভুক্তভোগী শিশুটি। ভিকটিমের বাড়ির পাশে খালে নৌকা নিয়ে আসে আফসার মাঝি। নৌকা করে বেড়ানোর কথা বলে ভিকটিমসহ অন্য শিশুদের নদীতে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার অন্য শিশুদের নৌকা থেকে নদীর পাড়ে নামিয়ে দেন আফসার। পরে ভিকটিমকে নির্জন স্থানে নিয়ে দুই হাত বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। বাসায় ফিরে ব্যথায় কান্নাকাটি করতে থাকে ভিকটিম। জিজ্ঞেস করলে পরিবারকে ঘটনা খুলে বলে ভিকটিম। এ ঘটনায় অভিযুক্ত আফসারকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা করেন শিশুটির মা।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার নূরুল আবছার জানান, ঘটনার তদন্ত শেষে আসামি আফসারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার কার্যক্রম শেষে আসামি আফসারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার অর্থদণ্ড দেন আদালত। সাজা ঘোষণার সময় আদালতে অনুপস্থিত থাকায় আফসারের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।
