কুড়িগ্রামের চিলমারীতে ট্রাক্টর উল্টে চাপা পড়ে নজরুল ইসলাম (৪০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার রাজারভিটা তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার থানাহাট ইউনিয়নের ফকিরেরকুটি এলাকার মৃত ভোলা মামুদের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি ভরাটের কাজ চলমান থাকায় বুধবার সকাল থেকে বেশ কয়েকটি ট্রাক্টর মাটি এনে বাঁধ রাস্তার ওপর ফেলছিল। দুপুরে তেলিপাড়া এলাকা রাস্তায় মাটি ফেলে গাড়ি ঘুরাচ্ছিলেন চালক নজরুল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে গাড়ির ইঞ্জিন উল্টে গেলে চালক নজরুল ইঞ্জিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পাঠায়।
চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নি উন্নয়ন বোর্ডের রাস্তা সংস্কারের কাজে মাটি ফেলতে গিয়ে নজরুল ইসলাম নামে এক চালকের মৃত্যু হয়েছে বলে জেনেছি।
স্ত্রীর মৃত্যু সইতে না পেরে স্বামীর আত্মহত্যা
নতুন কমিটি গঠনে ছাত্রলীগের জরুরি নির্দেশনা