অভিনেতার পাশাপাশি একাধারে গায়ক ও সুরকার ইমতিয়াজ বর্ষণ। অভিনয়ে ব্যস্ততার কারণে গানে খুব একটা সময় দিতে পারেন না। তবে শিগগিরই গানে পাওয়া যাবে তাকে। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার একাধিক সিনেমা। এরমধ্যে কয়েক দফা মুক্তি পিছিয়ে সেন্সর বোর্ডে আটকে গেল এই অভিনেতার ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’।
সিনেমাটি দর্শকদের সামনে প্রদর্শন উপযোগী নয় বলে চূড়ান্ত রায় দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের এই রায়ে নিন্দা প্রকাশ করেছেন সিনেমাটির অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। দেশ রূপান্তরকে অভিনেতা বলেন, ‘সিনেমাটির প্রযোজক চ্যানেল আইয়ের আইস্ক্রিন, তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন। তারা সিনেমাটি নিয়ে আপিল করবেন বলে জেনেছি। তবে একজন অভিনেতা হিসেবে সেন্সর বোর্ডের এই সিনেমা নিষিদ্ধ করা নিয়ে তীব্র নিন্দা জানাই। এই নিষিদ্ধ মানে একজন ক্রিয়েটিভ মানুষকে নিষিদ্ধ করা, তার কাজকে নিষিদ্ধ করা। এসব নিষিদ্ধের বেড়াজালে যদি হাত-পা বন্দি করে রাখা হয় তাহলে তো ক্রিয়েটিভ মানুষদের ক্রিয়েটিভিটির চর্চা বন্ধ হয়ে যাবে। আমরা যে বলছি ডিজিটাইলেশনের যুগে আছি যেখানে আমাদের কথা বলার অধিকার নিয়ে বিশ্বব্যাপী চর্চা করা হচ্ছে, আমাদের মৌলিক অধিকার নিয়ে কথা বলা হচ্ছে সেখানে এসব তো মানায় না। আমরা যারা সংস্কৃতির চর্চা করি, এসব তো আমাদের মৌলিক অধিকার। এগুলো খুবই দুঃখজনক। আমি ব্যক্তিগতভাবে আশা করব আপিল বিভাগ আমাদের সিনেমাটি প্রদর্শনের জন্য উন্মুক্ত করে দেবে।’
এদিকে হইচইয়ের ওয়েব ফিল্ম ‘গোলাম মামুন’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন বর্ষণ। একদিনের শুট বাকি। এখানে তাকে দেখা যাবে গোয়েন্দা অফিসারের চরিত্রে। এছাড়াও এরমধ্যে কয়েকটি ওয়েব ফিল্ম ও সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে এই অভিনেতা বলেন, ‘চরকির একটা ওয়েবের কাজ শেষ করেছি, নাম ‘কালপুরুষ’। এটা সম্ভবত আগামী ঈদে আসবে, ‘গোলাম মামুন’ও ঈদে আসার কথা রয়েছে। তাছাড়া এরমধ্যে ‘আগুন পাখি’ নামে একটা সিনেমার কাজ শেষ করেছি। এখানে আমার বিপরীতে আছেন মেঘলা মুক্তা, এটি পরিচালনা করেছেন আওয়াল চৌধুরী। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ সিনেমার কাজ শেষ, এখানে আমার বিপরীতে রয়েছেন আশনা হাবিব ভাবনা। ‘একাত্তর করতলে ছিন্নমাথা’ নামে আরেকটা সিনেমার কাজও শেষ করলাম। নিপুণ আক্তারের সঙ্গে ‘আজান’ নামে একটা সিনেমার কাজ করলাম। এই তো। অনেকগুলো কাজই করেছি, এখন সেগুলো মুক্তির অপেক্ষায়।’
অভিনেতার বাইরে আপনি তো একজন সুরকার, গায়কও। গানের কী খবর, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার নিজের বেশ কিছু গান রেডি আছে। সেগুলো হয়তো শিগগিরই প্রকাশ করব। এছাড়া কোরবানি ঈদে নতুন একটা গান আসবে তাসনিম আনিকার সঙ্গে। গানের কথা ও সুর আহমেদ রাজিবের। এটা বিশটি গানের একটি প্রজেক্ট।
