তীব্র তাপে পুড়ছে ১৩ জেলা, পুলিশ কর্মকর্র্তার মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৩:০০ এএম

দেশ জুড়ে চলা তাপপ্রবাহ এখনো অব্যাহত রয়েছে। বিস্তৃতি কিছুটা কমলেও গতকাল বৃহস্পতিবার ১৩ জেলায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, কয়েক দিনের তুলনায় তাপমাত্রার তীব্রতা আরও বেড়েছে। এমন পরিস্থিতি আরও কয়েক দিন থাকবে। এদিকে গতকাল হিট স্ট্রোকে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হিট স্ট্রোকে ২৩ জনের মৃত্যু হলো।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। মে মাসের ১ তারিখের পর থেকে মেঘমালা আসতে শুরু করবে। বজ্রমেঘ তৈরির সম্ভাবনা আছে। এ সময়কালে বিক্ষিপ্তভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, চুয়াডাঙ্গা ও যশোর জেলাগুলোর ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, দিনাজপুর, সৈয়দপুর জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া ঢাকা, মাদারীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, বাজড়া, নড়গাঁ, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, বান্দরবান ও নোয়াখালীসহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এমন পরিস্থিতির মধ্যে গতকাল হিট স্ট্রোকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে রুহুল আমীন নামে বন্দর ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মৌসুমে হিট স্ট্রোকে ২৩ জনের মৃত্যু হলো।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, মারা যাওয়া রুহুল আমীন যশোরের বেনাপোল পৌর এলাকায় কোরবান আলীর ছেলে। তিনি সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের বন্দর ট্রাফিক ইন্সপেক্টর ছিলেন।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ভেতর রুহুল আমীন নিয়মিত দায়িত্ব পালনের একপর্যায়ে বেলা পৌনে একটার দিকে নিজ অফিস কক্ষে এসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় অফিসের সহকারীরা তাকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, তীব্র গরমে বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে গতকাল রাত ৮টা থেকে সব মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশনা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। এ তথ্য নিশ্চিত করেছেন ডিপিডিসির এনওসিএস অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শের আলী। তিনি বলেন, ‘সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলছে। এ ছাড়া গরমের দিনে বিদ্যুৎসংকট বেশি হয়। এ সংকটকে মোকাবিলা করতে ও লোডশেডিং কমাতে রাত ৮টার পর থেকে সব মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা আমরা বিভিন্ন জায়গায় প্রতিদিন মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। যারা এ নির্দেশনা না মানবে আমরা তাদের চিঠি দিয়ে সতর্ক করব, এরপরও সতর্ক না হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও করা হতে পারে। এই নির্দেশনা বছর জুড়েই থাকবে। এ ছাড়া অটোরিকশা স্ট্যান্ডসহ যে যে স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে, আমরা প্রতিনিয়ত অভিযানের মাধ্যমে তাদের জরিমানা করছি এবং সংযোগ বিচ্ছিন্ন করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত