রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান কবীর চৌধুরী

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৫ এএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী। ২৮ এপ্রিল থেকে আগামী তিন বছর সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি। গত বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার সিনিয়র সহকারী সচিব স্নেহাশিস দাশের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ১৯৭৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং একই কলেজে ১৯৭৬ সালে শিক্ষকতা শুরু করেন। তিনি ভিয়েনা ইউনিভার্সিটি থেকে চর্ম ও যৌনরোগে উচ্চতর ডিগ্রি লাভ করেন। পরে গ্লাসগো রয়েল কলেজ ফেলোশিপ সনদ এবং আমেরিকান কলেজ অব এনজিওলজি থেকে অ্যাসোসিয়েট ফেলো নির্বাচিত হন।

অধ্যাপক মো. উবায়দুল কবীর বর্তমানে আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির আন্তর্জাতিক ফেলো হিসেবে সংযুক্ত আছেন। তিনি এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডা. কবীর চৌধুরী ১৯৫১ সালের ৩০ ডিসেম্বর সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে একজন মেডিকেল শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাটিপাড়া ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধার জানাজা ও সমাধির ব্যবস্থা করেন। চিকিৎসা বিদ্যায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত