আটক জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান

  • কখন তাদের ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি ইরান সরকার
  • জাহাজের মধ্যে থাকা ২৫ ক্রুর মধ্যে ১৭ জনই ভারতীয় বলে জানিয়েছে একটি সূত্র
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২১ পিএম

এপ্রিলের মাঝামাঝি সময়ে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন সন্দেহে ২৫ ক্রুসহ পর্তুগিজ পতাকাবাহী একটি জাহাজ আটক করে ইরান। এবার সেই জাহাজের ক্রুদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।  

শনিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী রেঞ্জেলকে জানিয়েছেন, ওই জাহাজের ক্রুদের ছেড়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতদের এরই মধ্যে এ বিষয়ে জানানো হয়েছে এবং ক্রুদের তাদের রাষ্ট্রদূতদের কাছে হস্তান্তর করা হবে। তবে কখন তাদের ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

জোডিয়াক মেরিটাইম দ্বারা পরিচালিত পর্তুগিজ পতাকাবাহী জাহাজটি ইসরায়েলি রিয়েল এস্টেট, এনার্জি, প্রযুক্তি ও শিপিং ম্যাগনেট ইয়াল ওফারের মালিকানাধীন।

জোডিয়াক মেরিটাইম ইসরায়েলি ধনকুবেরের জোডিয়াক গ্রুপের অংশ।

সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেটে হামলা চালানোর পরই প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান। এর পরপরই গত ১৩ এপ্রিল হরমুজ প্রণালি থেকে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজটি আটক করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখা।

জাহাজের মধ্যে থাকা ২৫ ক্রুর মধ্যে ১৭ জনই ভারতীয় বলে জানিয়েছে একটি সূত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত