যাত্রাবাড়ীতে স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে ছিনতাই

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৯:১০ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় ইকবাল হোসেন (৩৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা। এ সময় তার কাছে থাকা পাঁচ ভরি স্বর্ণ ও দুই লাখ টাকা ও মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত ইকবাল হোসেন জানান, তার বাসা যাত্রাবাড়ী মৃধাবাড়ি প্রতিবাদী ক্লাবের পাশে। সবুজবাগের রাজারবাগ এলাকায় সামির গোল্ড হাউস নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। শনিবার সকালে মোটরসাইকেল করে দোকানে যাওয়ার পথে মাতুয়াইল মৃধাবাড়ি মোল্লা ব্রিজ এলাকায় স্থানীয় ছিনতাইকারী ইউসুফ, মুলহাজ, পাভেলসহ ১০ থেকে ১৫ জন তার গতিরোধ করে। তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যাগ দিতে না চাইলে রড দিয়ে দুই পায়ে আঘাত করে। এতে তিনি রাস্তায় পড়ে গেলে তার সঙ্গে থাকা টাকা ও স্বর্ণালংকারের ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে আহত এক ব্যবসায়ীকে ঢাকা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার দুই পায়ে আঘাত রয়েছে।

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইকবাল হোসেন জানান, ঘটনাটির বিস্তারিত জানার জন্য কাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত