মাদক উদ্ধারের অভিযানে গিয়ে সংঘবদ্ধ কারবারিদের দুই দফা হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। পুলিশ বলছে, গত শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর ও ময়নারটেক এলাকায় তাদের ওপর হামলা হয়।
আহতদের মধ্যে কনস্টেবল মাহবুবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ১২টি সেলাই দিতে হয়েছে। মাহবুবের একটি হাতও ভেঙে গেছে। আহত তিন পুলিশ সদস্যকে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের দাবি, শুক্রবার বিকেলে পদ্মার ওপারে সীমান্তবর্তী গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামে মাদক উদ্ধারে গেলে সংঘবদ্ধ মাদককারবারিরা পুলিশের ওপর হামলা চালায়। গ্রামবাসী চার পুলিশ সদস্যকে বেধড়ক পিটিয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পদ্মার চরাঞ্চলের বারীনগরসহ আশপাশের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার ও দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গোদাগাড়ী থানায় দুটি মামলা করেছে। এর মধ্যে মাদকের মামলায় দুজন ও পুলিশের ওপর হামলার মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
