ফ্রেঞ্চ লিগে শনিবার রাতে লে হাভ্রের সঙ্গে জয় পেলে কোন রকম হিসেব ছাড়াই লিগ শিরোপা জিতে যেত পিএসজি। তবে পার্ক দ্য প্রিন্সেসে পিএসজি ও লে হাভ্রে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
৩১ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৭০। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর ম্যাচ বাকি চারটি। এই চার ম্যাচ থেকে সর্বোচ্চ ১২ পয়েন্ট পেতে পারে তারা। মোনাকো যদি বাকি সব জেতে এবং পিএসজি তাদের বাকি থাকা তিন ম্যাচ হারে তখন পয়েন্ট সমান হবে।
ফ্রেঞ্চ লিগে পয়েন্ট সমান হলে দেখা হয় গোল ব্যবধান। পিএসজির গোল +৪৭, মোনাকোর +১৮। বাকি চার ম্যাচে যে এই ব্যবধান ঘুচবে তা কাগজে-কলমে মনে হলেও বাস্তবে কতটা সম্ভব!
তাই বলাই যায় লিগ শিরোপা নিশ্চিত হয়ে গেছে পিএসজির। এখন শুধু গাণিতিক হিসেবের ম্যারপ্যাচে অপেক্ষার পালা। আর সেটিও নিশ্চিত হয়ে যেতে পারে লিগে পিএসজি বা মোনাকোর পরের ম্যাচেই।
ঘরের মাঠে ম্যাচের ১৯তম মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। হাভ্রেকে এগিয়ে দেওয়া গোলটি করেন ডিফেন্ডার ক্রিস্টোফার। ১০ মিনিট পরেই অবশ্য সমতায় ফেরে স্বাগতিকরা। তরুণ ফরাসি ফরোয়ার্ড বার্কোলা গোল করেন। ৩৮ মিনিটে ঘানার ফরোয়ার্ড আন্দ্রে আইয়ুর গোলে ফের এগিয়ে যায় হাভ্রে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই উসমান দেম্বেলেকে তুলে কিলিয়ান এমবাপ্পেকে নামান কোচ লুইস এনরিকে। ৬১ মিনিটে পেনাল্টি থেকে টুরে গোল করলে ৩-১ এ পিছিয়ে পড়ে প্যারিসের ক্লাবটি।
৭৮তম মিনিটে ব্যবধান কমিয়ে পিএসজিকে লড়াইয়ে রাখেন আশরাফ হাকিমি।
নির্ধারিত সময় শেষ, চলছে ইনজুরি সময়ের খেলা। তাতে গত সেপ্টেম্বরের পর লিগে প্রথম হারের শঙ্কা বাড়তে থাকে পিএসজির। তবে সময়ের পঞ্চম মিনিটে হেডে দলকে সমতায় ফেরান বদলি নামা ফরোয়ার্ড গনসালো রামোস।
