বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গোকুল খোলারঘর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি। রাত সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান।
তিনি বলেন, গোকুলের খোলারঘর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে কাজী লাইন নামক গাইবান্ধা থেকে ছেড়ে আসা নারায়নগঞ্জগামী একটি বাস অটোভ্যানকে ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান। এ ঘটনায় হাইওয়ে পুলিশের টিম কাজ করছে।
বাসে থাকা এক যাত্রী বলেন, গাইবান্ধা থেকে হেলপার ছাড়াই বাস ছাড়া হয়। বাসে সুপারভাইজার আর চালক ছিলেন। বেপরোয়া ভাবে বাসটি চালাচ্ছিলেন চালক। তবে ঘটনাস্থলে বাসের চালক ও সুপারভাইজারকে পাওয়া যায়নি।
