ঈদগাঁওয়ে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০২:০৭ পিএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টার সময় উপজেলার খোদাইবাড়িতে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।

স্থানীয়দের বরাতে শুভরঞ্জন চাকমা বলেন, সকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় কক্সবাজারমুখি শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় আট আহতকে স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

ওসি জানান, নিহতদের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। হতাহতদের পরিচয় জানতে পুলিশ কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত