বেনজীর আহমেদের সম্পদের বিচার বিভাগীয় তদন্ত চায় গণঅধিকার পরিষদ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৬:০০ পিএম

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পদের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে গণঅধিকার পরিষদ। আজ সোমবার বিকেলে পুরানা পল্টন কালভার্ট রোডে জামান টাওয়ারের সামনে ঠান্ডা খাবার পানি ও ফল বিতরণ অনুষ্ঠানে দলটির নেতারা এ দাবি তোলেন।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, দেশ এখন এক ভয়াবহ সংকটে। অবৈধ সরকার জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে নিত্য নতুন ইস্যু সামনে আনছে। পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদ হাজার কোটি টাকার সম্পদ আত্মসাৎ করেছেন, বাংলাদেশের একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমরা বেনজীর আহমেদের অবৈধ সম্পদের বিচার বিভাগীয় তদন্ত চাই।

এ সময় গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আওয়ামী ডামি সরকার ফরিদপুরের ঘটনা এবং পুলিশের সাবেক প্রধান বেনজীরের কুকর্মগুলো আড়াল করতেই নানান ইস্যু সামনে হাজার করছে। আর জনগণ বুঝে কিংবা না বুঝে সেই ইস্যুতে নাচানাচি করছে।

ফারুক হাসান আরো বলেন, সারা বাংলাদেশে তীব্র তাপদাহ চলছে। মানুষের জীবন প্রায় যায় যায় অবস্থা। তীব্র গরমের মধ্যে আমরা গণঅধিকার পরিষদ সাধারণ পথচারীদের মধ্যে খাবার পানি এবং ফল বিতরণ করছি। গণঅধিকার পরিষদ শুধু রাজপথের রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়, সামাজিক এবং মানবিক কার্যক্রমের মাধ্যমেও আমর জনগণের পাশে আছি এবং পাশে থাকব।

গণনেতা তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে এতে আরো উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের সদস্য সচিব সোহেল মৃধা, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মামুন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত