বেশ কিছুদিন ধরেই ওপার বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। ঘটনা কি সত্যি নাকি নিছকই গুঞ্জন, সে বিষয়ে অভিনেতাকে নিশ্চুপ পাওয়া গেছে।
তবে এই বিষয়ে সম্প্রতি মুখ খুললেন অভিনেতার স্ত্রী মধুরিমা। ভারতীয় এক গণমাধ্যমকে তিনি জানান, এমন কোনও ঘটনাই ঘটছে না। বরং এই ধরনের আলোচনা শুনলে তার হাসি পায়। বিষয়টি সত্যি হলে এমন প্রশ্নে অবশ্যই দুঃখ পেতেন মধুরিমা। কিন্তু রটনা নিয়ে তার কোনও খারাপ লাগা নেই।
‘খোলাখুলি বলতে চাইছি যে পুরোটাই গুজব’, বলেন মধুরিমা।
মাইম শিল্পী নিরঞ্জন গোস্বামীর মেয়ে মধুরিমা। মঞ্চে ভীষণভাবে সক্রিয়। সেই সূত্রেই তার আর অনির্বাণের কাছে আসা। মাস কয়েক আগে থেকেই দুজনের বিচ্ছেদের খবর শোনা যাচ্ছিল। এর আগে এ বিষয়ে অনির্বাণ জানিয়েছিলেন, তিনি বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চান না। এটা তার সঙ্গে জুড়ে থাকা এক ব্যক্তি ও কিছু ব্যক্তির বিষয়। “অন্তর থেকে চাইব এটা না হোক। সেটা যেন আমি আমার মধ্যে সমাধান করতে পারি”, সংবাদমাধ্যমকে বলেছিলেন অভিনেতা-পরিচালক।
যদিও মধুরিমার বক্তব্য, এমন রটনা কেন রটেছে তার কোনও ধারণা নেই। তিনি শুধু এটুকু বলতে পারেন যে বিষয়টি সত্যি নয়। অনির্বাণকে বিয়ে করার পর থেকে প্রচুর ট্রল হতে হয়েছে মধুরিমাকে। সে প্রসঙ্গে আবার তিনি বলেন, “আমাদের বিয়েটা ভেঙে গেলে অনেকেই খুশি হবেন। অনির্বাণকে বিয়ে করার পর থেকে যেভাবে অভিশাপ পাচ্ছি।”
