বিশ্বকাপ দল ঘোষণার শেষ দিন আজ

আপডেট : ০১ মে ২০২৪, ০২:৪৮ এএম

যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার শেষ দিন আজ ১ মে। এরই মধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কিছুদিন আগে জানিয়েছিলেন যে জিম্বাবুয়ে সিরিজের দলটাই বিশ্বকাপের ছায়া দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদের যুক্তরাষ্ট্রের ভিসা করিয়ে রেখেছে, সেই খেলোয়াড়দের নামের তালিকাটা দেখলেই অবশ্য একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়। তবে এই দলই যে বিশ্বকাপের চূড়ান্ত দল এমনটা নয়, জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার।

দেশ রূপান্তরকে হান্নান সরকার জানিয়েছেন, ‘আইসিসির একটা নিয়ম হচ্ছে ১ মে’র ভেতর একটা দল দিতে হবে। তবে এই দলটাই চূড়ান্ত নয় কারণ ২৫ মে’র আগ পর্যন্ত এই দলে ইচ্ছেমতো পরিবর্তন আনা সম্ভব। চাইলে ১৫ জনের ১৫ জনকেই বদলে ফেলা সম্ভব। তবে ২৫ মে’র পর দলে পরিবর্তন আনতে হলে বিশ্বকাপ টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।’

ইংল্যান্ড একদম সুনির্দিষ্ট ১৫ জনের নাম দিয়েছে, ভারত ১৫ জনের সঙ্গে ৪ জন ট্র্যাভেলিং রিজার্ভ যোগ করেছে। নিউজিল্যান্ড ট্র্যাভেলিং রিজার্ভ রেখেছে ১ জনকে, দক্ষিণ আফ্রিকা রেখেছে দুজনকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের জন্যও বাংলাদেশ দল ঘোষণা করেছিল একদম শেষ মুহূর্তে, তামিম ইকবালকে ঘিরে নানান নাটকীয়তার পর। এবার অবশ্য কোনো নাটকীয়তা নয়, লম্বা সময় পর চোট কাটিয়ে ফেরা সাইফউদ্দিন আর চোটগ্রস্ত সৌম্য সরকারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে একটু দেখে নিতে চাচ্ছেন নির্বাচকরা।

জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের সঙ্গে অনুশীলনের জন্য যে ১৭ জনের দল দিয়েছিলেন নির্বাচকরা, তার সঙ্গে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে যোগ করলে দাঁড়ায় ১৯। বিশ্বকাপের দল হবে এদের মধ্য থেকেই।

যাদের মধ্য থেকে হবে বিশ্বকাপ দল : নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মাহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, সৌম্য সরকার, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত