সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আটজন নিহত হয়েছে। এর মধ্যে সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেছে সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহীর। হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন দুই পরিবহন শ্রমিক। মুন্সীগঞ্জে পৃথক দুই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। এ ছাড়া রাজবাড়ী ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও দুজন।
দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:
সিলেট থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে ওই সড়কের ধুপাগুল এলাকায় ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁওয়ের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী ছালেতুন্নেছা বেগম (৬০)। সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, ধুপাগুল এলাকার লালবাগে সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রাকের সঙ্গে কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর থেকে সিলেট শহরের দিকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন ও ছালেতুন্নেছার মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের তুগলী নামক স্থানে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পিকআপচালক চুনারুঘাট উপজেলার বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও চালকের সহকারী শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব নোয়াগাঁও গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে পিকআপটি বাহুবল বাজারে থেকে মাছ নিয়ে জুড়ি যাচ্ছিল। পথে সিলেটগামী সিমেন্টের ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবীর জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের সিরাজদীখানে বাবার জন্য খাবার নিয়ে দোকানে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন মো. মারুফ শেখ (১৮) নামে এক তরুণ। গতকাল দুপুর আড়াইটার দিকে উপজেলার আরমহল গ্রামের তালতলা-নিমতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ শেখ উপজেলার পূর্ব শিয়ালদি গ্রামের মো. ইউনুস শেখের ছেলে।
জেলাটির গজারিয়া প্রতিনিধি জানান, ট্রাকের ধাক্কায় মধু রাজন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মধু রাজন উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। গতকাল দুপুর ১২টার দিকে জামালদী-হোসেন্দী আঞ্চলিক সড়কের জামালদী নিউ সানরাইজ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা প্রতিনিধি জানান, গত সোমবার রাতে সেখানে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের দুপ্তারা ইউনিয়নের বান্টি এলাকার রয়েল ইউভিং অ্যান্ড কাটিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান (৪২) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা পেনাব এলাকার রশিদ মিয়ার ছেলে। আড়াইহাজার ওসি আহসান উল্লাহ ঘটনা নিশ্চিত করেন।
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি জানান, মাটি টানা ড্রামট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মহাশ্মশান সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ শেখ (১৭) রাজমিস্ত্রির কাজ করত। সে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের আকতার হোসেন শেখের ছেলে। বালিয়াকান্দি থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় ড্রামট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।