সাতের বিশ্বজয়ীরা ঘোষণা করলেন চব্বিশের বিশ্বকাপ দল

আপডেট : ০১ মে ২০২৪, ০১:১৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজে শেষবার ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ২০০৭ সালে। সেবার অপরাজিত থেকে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন সেই দলে ছিল ক্রিকেটের মহাতারকাদের মেলা। ১৪ বছর পর আবার যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফিরছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, তখন ১৬ বছর আগের সেই বিজয়ীরা ঘোষণা করলেন ২০২৪ সালের বিশ্বকাপ যাত্রীদের নাম।

ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল এক্স হ্যান্ডেল একটি ভিডিও পোস্ট করেছে যেখানে ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং, উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল হাসি, মাইকেল ক্লার্ক, গ্লেন ম্যাকগ্রা, স্টুয়ার্ট ক্লার্ক এবং ম্যাথু হেইডেন খেলোয়াড়দের নাম প্রকাশ করেছেন।

সেই দলে থাকা মিচেল জনসন, ব্রাড হাডিন, ব্রাড হজ, ব্রাড হগ, নাথান ব্রেকনান, শন টেইটদের দেখা যায়নি ভিডিওতে। তবে একজনের অনুপস্থিতি কোনোভাবেই বুঝতে দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তিনি অ্যান্ড্রু সাইমন্ডস।

২০২২ সালের মে মাসে ৪৬ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন সাবেক এই অলরাউন্ডার। সাইমন্ডসের ছেলে উইল ও মেয়ে ক্লোয়িও ভিডিওতে ছিলেন। সাইমন্ডস ২০০৭ বিশ্বকাপের স্কোয়াডের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। যিনি ১৯৯৯ এবং ২০০৩ সালে জয়ের পরে অসিদের হয়ে ৫০ ওভারের হ্যাটট্রিক শিরোপা জয়ের দলে ছিলেন।

আগামী ৫ জুন বার্বাডোজে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড:

মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত