মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের আপন ছোট ভাইসহ মোট ১১ জন প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অনলাইনের মাধ্যমে প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেন।
বৃহস্পতিবার (২ মে) নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে কমলগঞ্জ উপজেলা পরিষদের ভোটগ্রহণ। কমলগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের আপন ছোট ভাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু ও আমেরিকা প্রবাসী চমন উদ্দিন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, কমলগঞ্জ উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি এম.এ ওহাব, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরী, কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব ও চা শ্রমিক নেতা সুনীল কুমার মৃধা।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও নারী আওয়ামী লীগ নেত্রী মুন্না দেব রায়।
