তিন কিশোরের ম্যানইউ স্বপ্নের সিঁড়ি অ্যাপোলো টায়ার্স

আপডেট : ০৩ মে ২০২৪, ০৬:৫৫ পিএম

পাঁচ শতাধিক ক্ষুদে ফুটবলারের মধ্য থেকে ৩ জনকে বেঁছে নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সকার স্কুলের হেড অব কোচিং মাইকেল নিরি। এই তিন কিশোর যোগ দিবেন ভারতের ব্যাঙ্গালুরুতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে। সেখানে প্রমাণ দিতে পারলে সুযোগ মিলবে ফার্নান্দেজ, কাসেমিরো, রাশফোর্ডদের সঙ্গে সাক্ষাতের 

বিশ্বখ্যাত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমবারের মতো তাদের গ্রাসরুট ফুটবল কার্যক্রম 'ইউনাইটেড উই প্লে' আয়োজন করেছে বাংলাদেশে। দু'দিন ব্যাপী এই এই কার্যক্রম শেষ হয়েছে বৃহস্পতিবার। প্রায় ৫ শতাধিক ক্ষুদে ফুটবলারের মধ্য থেকে ৩ প্রতিভাবানকে বাছাই করেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সকার স্কুলের হেড অব কোচিং মাইকেল নিরি। ভারতের বেঙ্গালুরুতে দীর্ঘমেয়াদি অনুশীলন ক্যাম্পে থাকার সুযোগ পেয়েছে সিরাজগঞ্জের সাদমান সাজিদ অয়ন, জয়পুরহাটের পাপন রায় ও গাইবান্ধার রাহাত শেখ। জুন বা জুলাইয়ে ভারতের ক্যাম্পে তাদের সঙ্গী হবেন ভারত, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও নেপালের নির্বাচিতরা।

ভারতের সেই ক্যাম্প শেষে ওল্ডট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে সেখান থেকে বাছাই করা সেরা ফুটবলাররা। ম্যানইউ অ্যাকাডেমির খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনের পাশাপাশি ব্রুনো ফার্নান্দেজ, কাসেমিরো ও মার্কাস রাশফোর্ডদের মতো তারকাদের সঙ্গে দেখা করার সুযোগ মিলবে। পাশাপাশি ওল্ড ট্রাফোর্ডে বসে ম্যাচও দেখার সুযোগ পাবে কিশোররা।

ইউনাইটেড উই প্লে কার্যক্রম নিয়ে ব্যাপক সাড়া মিলেছে সারা দেশ থেকে।

প্রাথমিকভাবে অনলাইনে হয় রেজিস্ট্রেশন। প্রথম ২ দিনে দেড় সহস্রাধিক আবেদন গ্রহণের পর, সার্ভার বন্ধ করে দিতে বাধ্য হয় আয়োজকরা। রাজধানীর শেখ জামাল ধানমন্ডি ক্লাবে গত ২ দিন নিজেদের ফুটবল নৈপুণ্য দেখানোর সুযোগ পায় ৫ শতাধিক কিশোর ফুটবলার। বাদ যায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবলাররাও। ট্রায়াল শেষে প্রতিভাবান ৩ ফুটবলারকে বেছে নেন ম্যানইউ সকার স্কুলের হেড অব কোচিং মাইকেল নিরি। বাংলাদেশের ক্ষুদে ফুটবলারদের পারফরম্যান্সে রীতিমতো উচ্ছ্বসিত এই কোচ, ‘এখানকার ফুটবলারদের আগ্রহ আমাকে রীতিমতো বিস্মিত করেছে, অনেকেই আছে দারুণ সম্ভাবনাময়ী। তাদের দীর্ঘমেয়াদি সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে বাংলাদেশ থেকে অনেক বড় ফুটবলার বের করে আনা সম্ভব। যারা এক সময় ইউরোপিয়ান ক্লাবগুলোতে অনায়াসে খেলতে পারবে।'

এর আগে ভারত, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও নেপালে হয়েছে ইউনাইটেড উই প্লে-র কার্যক্রম। যার মূল লক্ষ্য, যুব ফুটবলারদের বিশ্বমানের ফুটবল কৌশলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। বাংলাদেশে এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ছিল অ্যাপোলো টায়ারসে। বৈদেশিক প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি হেড মোহাম্মদ আরিফুল করিম জানান, ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশে এর আগেও এ কার্যক্রম হয়েছে। তবে, বাংলাদেশের জন্য একেবারেই নতুন। এখানকার উঠতি ফুটবলারদের আগ্রহ আমাদের উৎসাহিত করেছে। প্রতি বছরই আমরা কার্যক্রম চালিয়ে যেতে চাই। ম্যান ইউনাইটেডে প্রতি বছরই ঘুরে আসবে বাংলাদেশের কোন তরুণ ফুটবলার।' 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত