বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবরা হতাশা থেকে শ্রাবণের বৃষ্টির ধারার মতো অনর্গল মিথ্যা কথা বলছেন।
শত নিপীড়নেও বিএনপি নেতারা রাজপথে আছে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। দেশ ছেড়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতারা ও তাদের স্বজনরা।’
গতকাল বৃহস্পতিবার সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মধ্যে ঢাকা মহানগর উত্তরের বাড্ডা বিএনপির পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আমরা তো আছি, জেলে আসা-যাওয়ার মধ্যে। শত নিপীড়নেও রাজপথে কর্মসূচি অব্যাহত রেখেছি। আমরা কোনো জুলুম-নির্যাতনের কাছে মাথানত করব না।’
বিএনপি নেতা বরকত আলীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ।
