মারা গেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী

আপডেট : ০৩ মে ২০২৪, ০৬:১৫ এএম

জ্যেষ্ঠ আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ জে (আবদুল জামিল) মোহাম্মদ আলী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এক শোকবার্তায় তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাষ্ট্রের সাবেক এই আইন কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল দেশ রূপান্তরকে বলেন, এ জে মোহাম্মদ আলী অনেক দিন ধরে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন। এজন্য তিনি নিয়মিত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিতেন। এরই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ত্যাগ করেন। গতকাল বেলা ২টার কিছু পরে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে দেওয়া শোকবার্তায় তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত