বছরের চার মাসে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ও মৃত্যুর রেকর্ড

আপডেট : ০৩ মে ২০২৪, ০৬:২১ এএম

এ বছরের প্রথম চার মাসে ডেঙ্গু রোগী ও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা এযাবৎকালের সর্বোচ্চ প্রাদুর্ভাবের বছর ২০২৩ সালের প্রথম চার মাসকেও ছাড়িয়ে গেছে। গত বছরের তুলনায় এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দ্বিগুণেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ও মারা গেছে।

বিশেষ করে এ বছরের এপ্রিলের রোগীর সংখ্যা গত বছরের এপ্রিলের রোগীর চেয়ে সাড়ে তিনগুণ বেশি। তবে গত বছরের এপ্রিলের মতো এ বছরের এপ্রিলেও দুজন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর বাংলাদেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের পর থেকে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ও মৃত্যুর রেকর্ড হয়েছে। সে বছর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ও মারা গেছে ১ হাজার ৭০৫ জন। সে বছরের প্রথম চার মাসে রোগী ছিল ৯৮৬ জন ও মারা যায় ১১ জন। কিন্তু সেই রেকর্ড ভেঙে এ বছরের প্রথম চার মাসে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২০৯ জন, যা গত বছরের দ্বিগুণের বেশি ও মারা গেছে ২৪ জন, যা গত বছরের একই সময়ের মৃত্যুর দ্বিগুণেরও বেশি।

এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী পাওয়া গেছে জানুয়ারিতে ১ হাজার ৫৫ জন। এপ্রিলে ছিল বছরের দ্বিতীয় সর্বোচ্চ ৫০৪ জন রোগী, যা জানুয়ারির রোগীর দ্বিগুণ। তবে এ বছরের এপ্রিলে মৃত্যু এখন পর্যন্ত সবচেয়ে কম, দুজন। সর্বোচ্চ মৃত্যু ছিল জানুয়ারিতে ১৪ জন। এরপর মার্চে পাঁচজন ও ফেব্রুয়ারিতে তিনজন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এ মাসের গত দুই দিনে মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৩০ জন। নতুন রোগীদের মধ্যে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় ছয়জন ভর্তি হয়েছে। এ সময় সর্বোচ্চ রোগী পাওয়া গেছে চট্টগ্রাম বিভাগে আটজন। এরপর ঢাকা বিভাগে তিনজন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রোগী ভর্তি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত