যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের ১০৭টি কাউন্সিলে স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দল লেবার পার্টি দারুণভাবে এগিয়ে আছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ে। গত বৃহস্পতিবার নির্বাচনে ভোটগ্রহণ হয়। স্থানীয় সময় গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত আংশিক প্রকাশিত ফলে দেখা গেছে, ১০৭টি কাউন্সিলের মধ্যে এখন পর্যন্ত ৪৬টি ফল প্রকাশিত হয়েছে। সেখানে ৩৯০টি কাউন্সিলর পদে বিজয়ী হয়ে এগিয়ে রয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৪০টি কাউন্সিলর পদ। বিবিসির তথ্য মতে, লেবার পার্টির পর দ্বিতীয় সর্বোচ্চ ১৪৫টি কাউন্সিলর পদ জিতেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। স্বতন্ত্র প্রার্থীরা ৮২টি কাউন্সিলর পদে জয় লাভ করেছেন। বৃহস্পতিবার লন্ডন শহরের মেয়র নির্বাচনেও ভোট দিয়েছেন ৬০ লাখের বেশি ভোটার। আজ শনিবার জানা যাবে চূড়ান্ত ফল।
×
