রাষ্ট্রক্ষমতায় কে আসবে তা জনগণ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, ‘ক্ষমতার মোহে অন্ধ সরকার হয়তো ভুলে গেছে, ৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জনগণ বাংলাদেশকে রাজতন্ত্র নয়, একটি ‘প্রজাতন্ত্র’ হিসেবে কায়েম করেছে। তাই রাষ্ট্রক্ষমতায় কে আসবে তা কোনো বাম বা ডানের বিষয় নয়Ñ তা নির্ধারণ করবে এ দেশের জনগণ।’ গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ স ম আবদুর রব বলেন, ‘বাংলাদেশ রাজতন্ত্র নয়! কারও মৃত্যুর পরে কে রাজা হবেন বা কে রাষ্ট্রক্ষমতার উত্তরাধিকারী হবেন তা পূর্ব-নির্ধারণের দরকার নেই। সরকারের আচরণে আর বক্তব্যে মনে হয় ইহা একটি রাজতন্ত্র। তাই সরকার যেন উত্তরাধিকার নির্ধারণে উদগ্রীব।’
তিনি বলেন, ‘জনগণের সম্মতি ও সমর্থনবিহীন জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখে সরকার ভয়ের সংস্কৃতিসম্পন্ন এক চরম ফ্যাসিবাদী ব্যবস্থা করেছে। বল প্রয়োগ করে আন্দোলন-সংগ্রাম দমন করার মাধ্যমে শাসনতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে সরকার অঘোষিত রাজতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে, তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।’
জেএসডি সভাপতি আরও বলেন, ‘সরকারের পতন এবং গণবিরোধী রাষ্ট্রব্যবস্থার সংস্কারে জাতিকে ঐক্যবদ্ধ করে দ্বিতীয় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।’
