ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে ৮০ পয়েন্টে শীর্ষে আছে আর্সেনাল। আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় গানার্সরা মুখোমুখি হবে বোর্নমাউথের। আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্টে দুইয়ে আছে ম্যানসিটি।
আজ রাতে সিটিরও খেলা আছে উলভসের বিপক্ষে। শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই আর্সেনালের সামনে। লিগে টানা তিন ম্যাচে জিতেছে তারা। আজ বোর্নমাউথের বিপক্ষেও ঘরের মাঠে জয়ের আশা করছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
তবে শুধু নিজেরা জিতলে চলবে না, সিটিরও পয়েন্ট হারাতে হবে। তবেই শীর্ষে থাকবে আর্তেতার দল।
ম্যানসিটি পয়েন্ট হারাবে কিনা এমন প্রশ্নের উত্তরে আর্তেতা বলেন, 'আমার হৃদয় বলছে (সিটি পয়েন্ট হারাবে) আর আমি এটিই আশা করছি। আপনি বুঝতেই পারছেন আমার মধ্যে কি চলছে। আমরা জিততে চাইবো আর অন্যরা পয়েন্ট হারাবে এটাই আশা করছি।'
নিজেদের কাজটা ঠিকমতো করে যেতে চান আর্তেতা। তিনি বলেন, 'এখনও কয়েকটি ম্যাচ বাকি আছে। অনেক পয়েন্টের হিসেব বাকি আছে। আমাদের নিজেদের পারফরম্যান্স ভালো করতে হবে। যে কয়টি ম্যাচ আছে জিততে হবে। এটাই করতে চাইছি আমরা।'
