দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি। তারা সবাই দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থী। গতকাল শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী ৭৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে যারা বহিষ্কৃত হয়েছেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২৬, ভাইস চেয়ারম্যান পদে ১৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন।
দলটির দেওয়া তথ্য অনুযায়ী, বহিষ্কৃতদের মধ্যে উপজেলা পরিষদের তিনটি পদে রংপুরে ১১ জন, রাজশাহীতে পাঁচজন, বরিশালে তিনজন, ঢাকায় ছয়জন, ফরিদপুরে দুইজন, ময়মনসিংহে ছয়জন, সিলেটে ১৫ জন, চট্টগ্রামে পাঁচজন, কুমিল্লায় দুইজন ও খুলনা বিভাগে ছয়জন প্রার্থী হয়েছেন।
এতে বলা হয়, ‘আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
বহিষ্কার হলেও বিএনপির মাঠপর্যায়ের এ নেতারা নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজি নয়। বরং তারা বলছেন, কেন্দ্রীয় নেতারা মাঠের পর্যায়ের নেতাকর্মীদের মনোভাব বোঝার চেষ্টা করছেন না।
বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনও বর্জন করেছে। তখনো দলটির বেশ কয়েকজন বর্তমান ও বহিষ্কৃত নেতা অন্য দল বা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন।
জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। বর্জনের পক্ষে জনগণের সমর্থন আদায়ে দলটি প্রচার চালানোর ঘোষণা দিয়েছে।
