সাংবাদিক ফরিদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ক্র্যাবের

আপডেট : ০৬ মে ২০২৪, ০২:৪৩ এএম

দৈনিক যুগান্তরের অপরাধবিষয়ক প্রতিবেদক ইকবাল হাসান ফরিদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংগঠনটির নেতারা। গতকাল রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) চত্বরে ক্র্যাব আয়োজিত মানববন্ধন থেকে ওই আলটিমেটাম দেওয়া হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, এখন পর্যন্ত এ মামলার উল্লেখযোগ্য অগ্রগতি নেই। মামলাটি থানা থেকে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। ডিবি কাজ শুরু করেছে।

মানববন্ধনে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান বলেছেন, আগামী সাত দিনের মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করুন। না হলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ অন্যান্য সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে উপস্থিত হয়ে সাংবাদিক ইকবাল হাসান ফরিদ তার ওপর হামলার বিস্তারিত বর্ণনা দেন। তিনি বলেন, গত ২১ এপ্রিল সাভার থানায় একটি মামলা হয়। কিন্তু অদ্যাবধি অপরাধীদের শনাক্ত করতে পারেনি পুলিশ।’ এ সময় মামলার তদন্তে স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

মানববন্ধনে ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম, আসাদুজ্জামান বিকু, সাবেক সাংগঠনিক সম্পাদক লতিফ রানা ও আতাউর রহমান বক্তব্য রাখেন। তারা বলেন, ইকবাল হাসান ফরিদের ওপর হামলার ঘটনায় যেই জড়িত হোক, তাকে শিগগিরই আইনের আওতায় আনা হোক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত