ওয়ান ইলেভেনের সরকারের সময় ২০০৭ সালের ৭ মে যুক্তরাষ্ট্র থেকে লন্ডন হয়ে সরকারের বাধা উপেক্ষা করে দেশে ফেরার দিনটিকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকের দিনটি আমার জন্য অনন্য।’ ওই সময়কার ঘটনা বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বারবার গ্রেপ্তার হয়েছি। অনেক বাধা, সরাসরি গুলি, বোমা, গ্রেনেড সবকিছু অতিক্রম করে আজ জনগণের সেবা করতে পারছি। সাহসের সঙ্গে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করে যাচ্ছি। জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি।’
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এসব কথা বলেন। সেদিন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে তাকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি তজ্ঞতা জানান আওয়ামী লীগ সভাপতি।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান ২০০৭ সালের ৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সংসদে অনির্ধারিত আলোচনার সূত্রপাত করেন। বিষয়টি নিয়ে সরকার দলের অন্য সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনও কথা বলেন।
পরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সেদিন শতবাধা অতিক্রম করে ফিরে এসেছিলাম। সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোন করে বলেছিলেন আপনি আসবেন না। আপনার বাইরে থাকার যা যা লাগে আমরা করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল। এ কথা বলা হয়েছিল, বাংলাদেশে ফিরলে বিমানবন্দরেই মেরে ফেলা হবে।’
তিনি বলেন, ‘আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মাটিতেই মরব। কিন্তু আমি আসব। সব এয়ারলাইনসকে নিষেধ করা হয়েছিল আমাকে যাতে বোর্ডিং পাস দেওয়া না হয়। আমেরিকার বিমানবন্দরে তিন ঘণ্টা দাঁড়িয়ে তাদের সঙ্গে ঝগড়া করে ব্রিটিশ এয়ারওয়েজে করে লন্ডনে আসি। সেখানে আসার পর যখন প্লেনে উঠতে যাব, তখন আমাকে উঠতে দেওয়া হয়নি। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যেভাবে হোক বাংলাদেশে আসব। এমনকি যখন আমি বিমানবন্দরে রওনা হই তখন অনেকেই ফোন করে বলেছিল, আপনি আসবেন না, আসলে মেরে ফেলে দেবে। আমি পরোয়া করিনি।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘তখন বলা হয়েছিল কেউ যাতে বিমানবন্দরে না যায়। এমনকি আমার দলের ভেতর থেকেও... তখন দলের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, তিনি সবাইকে বলে দিয়েছিলেন কেউ বিমানবন্দরে গেলে বহিষ্কার করা হবে। কয়েকজনের নাম নির্দিষ্ট করা ছিল, আমাদের নেতাকর্মী কেউ রাস্তায় থাকতে পারবে না। আমি শুধু মেসেজ দিয়েছিলাম সবাই থাকবে। তবে আমরা গেরিলা যুদ্ধ করেছি, সবাই ঘাসের সঙ্গে মিশে থাকবা। আমি প্লেন থেকে না নামা পর্যন্ত তোমরা বের হবে না।’
সংসদ নেতা বলেন, ‘আমাকে বলা হয়েছিল গাড়িতে উঠলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হবে। আমি উঠে ড্রাইভারকে বলেছিলাম যেখানে মানুষ আছে সেখান দিয়ে যাবা। ফ্লাইওভারে উঠবা না। হাজার হাজার মানুষ রাস্তায়। আমি কৃতজ্ঞতা জানাই পার্টির নেতাকর্মীদের, সেদিন তারা একদিকে রক্তচক্ষু উপেক্ষা করেছে, আরেক দিকে আমাদের দলের কিছু লোকের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় দাঁড়িয়ে থেকে সংবর্ধনা দিয়েছিল। এটা সংবর্ধনাই শুধু নয়, আমাকে নিরাপত্তাও দিয়েছে। যেন আমাকে কোনো দিকে নিতে না পারে। এরপর তো একপ্রকার হাউজ অ্যারেস্ট (সুধা সদন) ছিলাম। কাউকে ঢুকতে দিত না। হঠাৎ কালেভদ্রে দু-একজন আসতে পারত আমার কাছে।’
ওয়ান ইলেভেনের সরকারের সময় গ্রেপ্তার হওয়ার আগে রাজধানীর একটি হাসপাতালে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসধীন বিশিষ্ট সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে দেখতে যাওয়ার ঘটনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি অনেকটা গেরিলা কায়দায়ই বেরিয়ে গিয়েছিলাম। কারণ আমি জানি আমাকে বেরোতে দেবে না। পুলিশের চোখ এড়িয়ে সোজা হাসপাতালে চলে যাই। সেদিন আমি খুব কড়া কিছু কথা বলি। পরদিন সকালেই পুলিশ হাজির, আর্মি হাজির এবং আমাকে অ্যারেস্ট করে। সংসদ ভবনের একটা... তখন ওটা প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল, সেখানে আমাকে নিয়ে আসে। একেবারে ফাঙ্গাস পড়া, খুবই নোংরা একটা ভবন। সেখানে আমাকে বন্দি করে রাখে।’
ওই সময় বোন রেহানার ভূমিকা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমি যখন বন্দি ছিলাম, আমার ছোট বোন রেহানা, সে রাজনীতি করে না। সামনে নেই। কিন্তু সে অসাধ্য সাধন করতে পারে। প্রত্যেকটা জেলা-উপজেলার সব নেতাকর্মী সবার সঙ্গে যোগাযোগ রেখেছে। ওই লন্ডনে বসেই সে কাজ করেছে। তার জন্যও আমার দোয়া।’
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের আহ্বান : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন উৎস থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তায় আরও তহবিল সংগ্রহের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা সফররত আইওএমের মহাপরিচালক (প্রধান) অ্যামি পোপসহ সংস্থাটির প্রতিনিধিরা। এ সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রকল্প গ্রহণের আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনার নির্দেশ : সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে দেশের অর্থনীতি কতটা চাঙ্গা হবে এবং স্থানীয়রা কতটা উপকৃত হবে তা বিবেচনায় নিতে হবে।’
মহামারী মোকাবিলায় উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য : প্রধানমন্ত্রী গতকাল গণভবন থেকে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী এবং মহামারী প্রস্তুতি ও প্রতিক্রিয়ার জন্য স্বাধীন প্যানেলের কো-চেয়ার হেলেন ক্লার্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। এ সময় বিশ^ব্যাপী সহযোগিতা স্থাপন, জনস্বাস্থ্য ব্যবস্থাপনা পদক্ষেপে আস্থা তৈরি এবং চূড়ান্ত পর্যায়ে জীবন বাঁচাতে মহামারী মোকাবিলায় প্রস্তুতি ও সাড়া প্রদানের জন্য উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
