নাছিমা মুকাই আলীর সমর্থনে সরে দাঁড়ালেন এনামুল কবীর সুমন

আপডেট : ০৮ মে ২০২৪, ০৬:৩২ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৫ জুন। এরই মধ্যে নির্বাচনী মাঠে সরব হয়ে নিজেদের পক্ষে ভোট টানতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এই নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। তারা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবীর সুমন, উপজেলা বিএনপির নেতা প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল জাবের (জাবেদ আহমেদ জয়)। তবে তাদের মধ্যে এনামুল কবীর সুমন গতকাল মঙ্গলবার নাছিমা মুকাই আলীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

এই নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৯ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তার দুদিন আগে গতকাল বিকালে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। এই সভা শেষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবীর সুমন স্বেচ্ছায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়ে বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর পক্ষে সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেন।

এ সময় এনামুল কবীর সুমন বলেন, ‘আমি কোনো ব্যক্তির রাজনীতি করি না। আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তাই নির্বাচনী মাঠের বিভিন্ন দিক বিবেচনা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিই এবং বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলীকে সমর্থন দিয়ে একাত্মতা ঘোষণা করছি। নাছিমা মুকাই আলীর নির্বাচনে আমার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তার পাশে থাকব।’

এ সময় বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলী উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ‘আমি এনামুল কবীর সুমনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে জোরালো সমর্থন জানিয়ে ঐকমত্য পোষণ করেছেন। আমরা একই দলের রাজনীতিতে বিশ্বাসী। আমরা সবাই আওয়ামী পরিবারের সদস্য। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। তাই সবাই মিলেমিশে ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করতে সবাইকে অনুরোধ জানাচ্ছি। যাতে করে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিজয়নগরকে কোনোভাবে যেন গ্রাস করতে না পারে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’ তিনি সবার দোয়া ও সমর্থনও কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত