উপজেলা পরিষদ নির্বাচনে রাজশাহীর তানোর উপজেলায় আবারও চেয়ারম্যান হলেন লুৎফর হায়দার রশিদ ময়না। বুধবার (৮ মে) রাতে ভোট গণনা শেষে ফলাফলে তাকে বেসরকারি ভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।
ময়না তানোর উপজেলা যুবলীগের সভাপতি। দ্বিতীয়বারের মত তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।
৬১টি কেন্দ্রের ফলাফলে লুৎফর হায়দার রশিদ ময়না কাপ পিরিজ প্রতীক নিয়ে ৪৬ হাজার ৩৯৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭৯ ভোট।
এ ছাড়া তানোরে ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) পদে তানভির রেজা চশমা প্রতীক নিয়ে ৩৮ হাজার ৫৩৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী সোহেল রানা তালা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৬০১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সোনিয়া সরদার। তার প্রতীক ছিল কলস। ৩০ হাজার ৮৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক পাখা প্রতীকের সাগরিকা ভৌমিক পেয়েছেন ২৩ হাজার ৫৪৪ ভোট।
