রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকার একটি বাসায় নুসরাত জাহান তাফরিন (১০) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার বাবা-মা দাবি করেছেন একা বাসায় খেলারছলে গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়েছিল নুসরাত।
বুধবার (৮ মে) সন্ধ্যার দিকে দনিয়া আনন্দবাজার এলাকার একটি বাসার নিচ তলায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে বাবা-মা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
বরিশালের কোতোয়ালী থানার নলচর গ্রামের মো. ইউসুফ ও ইতি আক্তার দম্পতির মেয়ে নুসরাত। দুই ভাইবোনের মধ্যে সে ছিল বড়। যাত্রাবাড়ীর তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে পড়ে সে।
হাসপাতলে তার বাবা মা জানান, গত মঙ্গলবার সৌদি প্রবাসী ইউসুফ দেশে আসেন। বুধবার সন্ধ্যায় সবাই একত্রে খাওয়া-দাওয়া করে স্বামী-স্ত্রী এবং তাদের ছোট ছেলেকে নিয়ে কেনাকাটা করতে বাইরে বের হন। এ সময় বাসায় মেয়ে নুসরাতকে একা রেখে যান। নিরাপত্তর জন্য দরজার বাইরে থেকে তালা দিয়ে যান। রাত সাড়ে আটটার দিকে তারা বাসায় ফিরে রুমের তালা খুলে ভেতরে ঢুকে দেখতে পান, বারান্দার গ্রিলের সাথে ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে নুসরাত। সঙ্গে সঙ্গে ঝুলন্ত অবস্থায় থেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মা-বাবা দাবি করেছেন, খেলারছলে গলায় ফাঁসি দিয়ে থাকতে পারে নুসরাত নামে তাদের মেয়ে। তবে বিস্তারিত তদন্তের জন্য ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে। শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।
