রবীন্দ্র জন্মজয়ন্তীতে শাহজাদপুর কাচারিবাড়ীতে তিন দিনের উৎসব

আপডেট : ০৯ মে ২০২৪, ০৬:৩৪ এএম

১৬৩তম জন্মজয়ন্তীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারিবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে গান, আলোচনা সভা, নাচ, আবৃত্তি ও নাটক।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় থেকে জন্মজয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়। এর আগে সকাল থেকেই দর্শনার্থী ও রবীন্দ্রভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কবির স্মৃতিবিজড়িত কাচারিবাড়ী প্রাঙ্গণ। এ অনুষ্ঠানকে ঘিরে শাহজাদপুর পরিণত হয়েছে উৎসবের নগরীতে।

বেলুন উড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের তিন দিনব্যাপী জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ ও তার সৃষ্টিকর্ম শোষণ-বঞ্চনামুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা জোগায়। তাই বঙ্গবন্ধু কবিগুরুর অমর সৃষ্টি ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করেন।

ভূমিমন্ত্রী বলেন, আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গানটি এখন পরিণত হয়েছে বাংলাদেশের জাতীয় ঐক্যের অন্যতম প্রতীকে। রবীন্দ্র চিন্তায় উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্ম বিশ্বের দরবারে স্মার্ট ও অসাম্প্রদায়িক বাংলাদেশকে উঁচু করে তুলে ধরবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থাপিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জায়গা অধিগ্রহণ ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট সব অংশীজন একযোগে কাজ করবে। ভূমি মন্ত্রণালয়ের কাছে এ-সংক্রান্ত চূড়ান্ত প্রস্তাব এলে তা দ্রুত নিষ্পত্তি করা হবে।

নারায়ণ চন্দ্র চন্দ বলেন, রবীন্দ্রনাথ কৃষকদের জন্য সমবায় ব্যাংক ও প্রাণিসম্পদের ব্যাপক উন্নতির জন্য কাজ করে গেছেন। এ ছাড়া কৃষকদের কথা চিন্তা করেও গো-সম্পদ রক্ষায় তিনি শাহজাদপুরে ১ হাজার ২০০ একর জমি রেখে গিয়েছিলেন।

ভূমিমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে বলেন, রবীন্দ্রনাথ কর্তৃক প্রদত্ত বাথানে যদি কোনো অবৈধ দখল থেকে থাকে তাহলে তা পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের গোচারণভূমিকে দেশের কৃষি তথা খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে অবহিত করেন। সিরাজগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম, সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ আংশিক-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত সংগীত ও নৃত্য পরিবেশন করেন শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।

নাটোরের রানী ভবানীর জমিদারির একটি অংশ ছিল শাহজাদপুরের এ কাচাড়িবাড়ী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত