ভারতের নির্বাচনের পর দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ মে ২০২৪, ০৭:৪১ পিএম

দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর দি‌ল্লির কোনো প্রতি‌নি‌ধির এটি প্রথম ঢাকা সফর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিষ্পত্তি করতে ভারতের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়াই এ সফরের মূল লক্ষ্য। আরেকটি বড় প্রস্তাব এসেছে -বাংলাদেশের তিস্তা অববাহিকা উন্নয়নে অর্থায়ন করতে চায় ভারত।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের ১৮তম লোকসভা নির্বাচন শেষে জুনের শেষ সপ্তাহে অথবা জুলায়ের প্রথম সপ্তাহে দিল্লি সফরে যাবেন শেখ হাসিনা। ওই সফরে দুইপক্ষের মধ্যে আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তির অনিষ্পন্ন ইস্যু নিস্পত্তি হতে পারে।

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা সংক্ষিপ্ত সফর শেষে আজ বৃহস্পতিবার ঢাকা ছেড়ে যাওয়ার আগে কূটনৈতিক চ্যানেলে এই বার্তা দেন।

এদিকে জুলাইতে শেখ হাসিনাকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বেইজিং থেকে। ফলে প্রশ্ন এসেছে-আগে চীন না ভারত কোন দেশ সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে কৌশলী জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ। তিনি বলেছেন, দিল্লি তো আমাদের কাছে, বেইজিং একটু দূরে। প্রধানমন্ত্রীর অনেক আগে থেকে ভারত সফরের কথা রয়েছে। অবশ্যই প্রধানমন্ত্রীর সফর হবে। ভারতে এখন নির্বাচন চলছে। নির্বাচনের পর সরকার গঠন হবে। তারপর প্রধানমন্ত্রীর সফর কখন তা ঠিক হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা বুধবার সন্ধ্যায় সংক্ষিপ্ত সফরে ঢাকা আসেন। বৃহস্পতিবার সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। সংক্ষিপ্ত সফর শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা ছেড়ে যান ভারতের পররাষ্ট্র সচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত